আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ২ ফেব্রুয়ারি: বিগত দু’বছর ধরে বন্ধ রয়েছে স্কুলগুলি। সেই কারণেই আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে স্কুল চত্বর। আগামী কিছুদিন পর পঠন পাঠন চালু হবে স্কুলগুলিতে। তাই স্কুলের শিক্ষক নিজের হাতে স্কুলকে পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন। এমনই এক দৃশ্য চোখে পড়লো পূর্ব বর্ধমান জেলার শ্যামসুন্দর নিম্নবুনিয়াদি বিদ্যালয়ে। স্কুলের প্রধান শিক্ষক নিজের হাতে পুরো স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি স্যানিটাইজ করছেন যাতে শিক্ষা গ্রহণ করতে আসা ছোট ছোট শিক্ষার্থীদের কোনোরকম অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে পড়তে না হয়।

রাজ্যে ৭ ফেব্রুয়ারি থেকে হতে চলেছে ‘পাড়ায় শিক্ষালয়’। দীর্ঘ দু’বছর ধরে করোনা আবহে স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকায় এবার পড়ুয়াদের স্কুলমুখি করতে এই উদ্যোগ নিয়েছে শিক্ষা দফতর। তাতে একদিকে যেমন খুশি পড়ুয়ারা অন্যদিকে, খুশি অভিভাবক থেকে শিক্ষক-শিক্ষিকারাও।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এমনিতে লোকজন দিয়ে স্কুল চত্বর পরিষ্কার করানো হয় কিন্তু আজ যেহেতু লোকজন পাওয়া যায়নি তাই তিনি নিজেই স্কুল চত্ত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন।

