আমাদের ভারত, মালদা, ২ ফেব্রুয়ারি: অস্ত্র সহ ৫ জনের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মালদা শহরে জাহাজ ফিল্ড এলাকা থেকে অস্ত্র সহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, একটি হাঁসুয়া, একটি চাকু এবং একটি লোহার রড।

পুলিশ সূত্রে জানাগেছে, ধৃতদের নাম, দীপক সিংহ (১৯)। বাড়ি বর্ধমান এলাকায়। মিঠুন রবি দাস (৩৩), মঙ্গল চৌধুরী (২৪), অমিত সাহা (১৯), অচিন্ত্য মন্ডল (৩২)। বাকি ৪ জনের বাড়ি ইংরেজবাজার থানার বিভিন্ন এলাকায়।
পুলিশের প্রাথমিক অনুমান কোনো জায়গায় ডাকাতি করার উদ্দেশ্যে দুষ্কৃতীরা অস্ত্রগুলি নিয়ে জমায়েত হয়েছিল জাহাজফিল্ড এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ সেখানে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সহ তাদের গ্রেপ্তার করে। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।

