ঝাড়গ্রাম পৌরসভা নির্বাচনে দলের প্রতিষ্ঠা দিবস থেকেই প্রচারে ঝড় তৃণমূলের

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩১ ডিসেম্বর: পৌরসভা নির্বাচনের দামামা বাজার সঙ্গে সঙ্গে প্রচারের প্রস্তুতি শুরু হয়েছে শাসক বিরোধী সমস্ত দলের মধ্যে। তবে ঝাড়গ্রাম পৌরসভা নির্বাচনের প্রচারে মনোবল তুঙ্গে রয়েছে তৃণমূল কর্মীদের। লোকসভা নির্বাচনে বিজেপি জয় পাওয়ার পর বিধানসভা নির্বাচনে নড়েচড়ে বসে শাসক দল। অগোছালো সংগঠন পরিপাটি করে জেলার সমস্ত বিধানসভা কেন্দ্রেই জয় সুনিশ্চিত করে। সেই জয়ের ধারা অব্যাহত রাখতে সমস্ত ওয়ার্ডে জয় পাওয়াই এখন শাসক শিবিরের পাখির চোখ। ঝাড়গ্রাম পৌরসভায় যে আঠারোটি ওয়ার্ড রয়েছে তার সবকটিতেই গত বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে তৃণমূল। তবুও বিরোধীদের জায়গা দিতে নারাজ দলের জেলা কমিটি খতিয়ে দেখছে কোথাও কোনও ফাঁকফোকর রয়েছে কি না? সমস্ত রকম প্রস্তুতি সেরে পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস থেকেই জোরকদমে শহরে প্রচার শুরু করতে চলেছে শাসক শিবির। ওই দিন থেকে দেওয়াল লিখন, মিছিল- মিটিং এবং গত পুরসভা নির্বাচনে বোর্ড গঠন করার পর পৌর এলাকায় কি কি কাজ হয়েছে সেই তালিকা প্রকাশ করে প্রচার শুরু হবে বলে দলীয় সূত্রে জানাগেছে।

ঝাড়গ্রাম পৌরসভার আঠারোটি ওয়ার্ডের ৭৫টি বুথের কর্মীদের নিয়ে ইতিমধ্যে সম্মেলন হয়েছে। সম্মেলনে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সরকারের স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে রেশন প্রভৃতি কল্যাণকর প্রকল্পগুলি প্রচারের বার্তা দেওয়া হয়েছে বলে শহর তৃণমূল সভাপতি প্রশান্ত রায় জানিয়েছেন। পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে দলীয় নেতৃত্ব প্রচারের রূপরেখা ও নির্দিষ্ট নির্দেশিকা দেবেন বলে দলের কর্মী সদস্যরা মনে করছেন। বিধানসভা নির্বাচনে জেলার চারটি বিধানসভা কেন্দ্রেই বিপুল ভোটে জয়লাভের পর চাঙ্গা রয়েছে নেতাকর্মীদের মনোবল। আঠারোটি ওয়ার্ডে জয়লাভই এখন তাদের পাখির চোখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *