শারীরিক অসুস্থতার কারণে বারুণী মেলায় আসা হল না রাজ্যপালের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, ১ এপ্রিল: মাঝ পথ থেকে ফিরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকর। শারীরিক অসুস্থতার কারণে হাবড়া থেকে রাজ ভবনে ফিরে গেলেন রাজ্যপাল, এমনটাই জানলেন মতুয়া মহাসঙ্ঘের সভাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।

ঠাকুরবাড়ি সূত্রের খবর, মতুয়া মহাসঙ্ঘের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যপাল জগদীপ ধনকরকে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে শুক্রবার বিকেলে মতুয়া মেলায় আসার কথা ছিল রাজ্যপাল জগদীপ ধনকরের। এদিন রাজ্যপালের মতুয়া ঠাকুরবাড়ির মন্দির পরিদর্শন করে শান্তনু ঠাকুরের সঙ্গেও বৈঠক করার কথা ছিল তাঁর। ঠাকুরবাড়িতে রাজ্যপালের সমাগম ঘিরে শুক্রবার সকাল থেকে হৈ চৈ পড়ে যায় ঠাকুরনগর সহ গোটা উত্তর ২৪ পরগনা জেলায়। কিন্তু শেষ মুহূর্তে শান্তনু ঠাকুরকে ফোন করে জানান, তিনি হাবড়া পর্যন্ত এসে অসুস্থ হয়ে পড়ে। এরপর গাড়ি ঘুরিয়ে রাজভবনে চলে যান।

মতুয়া মহাসঙ্ঘের সভাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানান, আমি নিজে মতুয়াদের পক্ষ থেকে বারুণী মেলায় আসার জন্য রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি নিজেই আমকে ফোন করে জানিয়েছিলেন তিনি আসবেন। তিনি মেলা দেখতে রাজভবন থেকে বেরিয়েও ছিলেন। কিন্তু হঠাৎ মাঝ পথে এসে অসুস্থ হয়ে পড়েন। তাই আজ তিনি আসতে পারলেন না। অসুস্থতার কারণে ফোনে কথাও বলতে পারেনি। তিনি সুস্থ হলেই ফোন করে কেমন আছেন তা জানবো।

এবিষয়ে মমতা বালা ঠাকুর বলেন, রাজ্যপাল কেন ঠাকুরবাড়িতে আসলেন না আমি বলতে পারব না। আমার সঙ্গে আসার ব্যপারে কোনো কথা হয়নি। জাদের সঙ্গে কথা হয়েছে তারাই ভাল বলতে পারবে। ঠাকুরবাড়ি সকল মানুষের জন্য। যে কেউ আসতেই পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *