স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১ এপ্রিল: সাত বছরের শিশুকন্যাকে মেরে আত্মঘাতী এএসআই বাবা। ঘরের মধ্যে থেকে দু’জনের দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার বিষ্ণুপুর এলাকায়।
জানাগেছে, নদিয়ার চাকদহের বিষ্ণুপুর এলাকার বাসিন্দা জয়ন্ত সর্দার, বয়স আনুমানিক ৩৭ বছর। পেশায় বেলঘড়িয়া জিআরপির এএসআই হিসেবে কর্মরত ছিলেন। জয়ন্ত সর্দারের একটি ৭ বছরের কন্যা সন্তান রয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, জয়ন্ত সর্দারের স্ত্রী মৌসুমী সর্দারের সঙ্গে পারিবারিক অশান্তি লেগেই থাকত। অভিযোগ, স্ত্রী মৌসুমী সর্দার তার ওপর পরকীয়ার সন্দেহ করতো। তাই নিয়ে বিবাদ চরমে উঠে মাঝেমধ্যে। অভিযোগ, তার স্ত্রী মিথ্যা বদনাম দিত স্বামীর ওপর। সেই কারণেই দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন জয়ন্ত সর্দার। আজ দুপুর দুটো নাগাদ তার ঘরের ভেতরেই ঝুলন্ত অবস্থায় দু’জনের মৃতদেহ উদ্ধার হয়।
অনুমান প্রথমে মেয়ে জিয়া সর্দারকে ফাঁস লাগিয়ে মেরে ফেলে বাবা। এরপরে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকদহ থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

