রাজ্যে তালিবানের মত সরকার চলছে, বললেন দিলীপ ঘোষ, ইঙ্গিত দিলেন দলের সাংগঠনিক পরিবর্তনের

আমাদের ভারত, শিলিগুড়ি, ২১ আগস্ট : তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারকে তালিবানের সাথে তুলনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার নিউজলপাইগুড়ি স্টেশনে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন। পাশাপাশি বলেন, রাজ্যে বিজেপির ভিত অনেক শক্ত হয়েছে। তাই তাই দলকে আরও মজবুত করতে বেশ কিছু সাংগঠনিক রদবদল করা হবে।

আজ আলিপুরদুয়ার যাওয়ার পথে সকালে দিলীপ ঘোষ শিলিগুড়ি আসেন। রাজ্য সরকারের সমালোচনা করে তিনি বলেন, রাজ্যে যেভাবে কেন্দ্রীয় মন্ত্রীদের গ্রেফতার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে এটা দুর্ভাগ্যজনক। তালিবানিদের মত সরকার চলছে রাজ্যে। তিনি বলেন, মানুষের ভোটে জিতে সকলে মন্ত্রী হয়েছেন। কিন্তু তাদের(কেন্দ্রীয় মন্ত্রীদের) রাজ্যে কোনও সম্মান নেই। তিনি আরও বলেন, রাজ্যের মানুষ এখন বুঝতে পারছেন তারা তৃণমূলকে জিতিয়ে ভুল করেছেন। আদালতের রায়ও বুঝিয়ে দিয়েছে এই রাজ্যে গণতন্ত্র নেই। তাই ভবিষ্যতে এই তৃণমূলের হাল বাম-কংগ্রেসের মত হবে। তাদের দর্প চুর্ণ করবে বাংলার মানুষ।

শিলিগুড়ি থেকে তিনি আলিপুরদুয়ারে যান। সেখানে মন্ত্রী জন বার্লার সাথে শহিদ সম্মান যাত্রায় অংশগ্রহণ করবেন। তবে এদিন সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি স্পষ্ট করে দেন দলের সাংগঠনিক পরিবর্তন ঘটবে। তাঁর বক্তব্য, বিজেপি আগে বিরোধী দল হিসেবেই পরিচিত ছিল। কিন্তু এখন আমরা বাংলায় সংগঠন প্রতিষ্ঠা করতে পেরেছি। তাই সংগঠনকে মজবুত করতে কিছু অদলবদল ঘটবে। এছাড়া পাহাড়ে অনিত থাপার নতুন দল গঠন নিয়ে তিনি বলেন, পাহাড়ের মানুষ সবসময় বিজেপির সাথেই আছে। তাই যতই নতুন দল হোক আর যাই হোক তারা বিজেপির পাশেই থাকবে।

তবে তৃণমূলকে তালিবানের সাথে তুলনা করায় তাকে একহাত নিলেন তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি বলেন, দিলীপ ঘোষ মানসিক অবসাদগ্রস্ত। তাই তিনি ভুল বকছেন। নির্বাচনের আগেও এরকম অনেক কিছু বলেও গোহারা হেরেছে তাদের দল। তাই তাঁর বক্তব্যকে গুরুত্ব দিয়ে লাভ নেই। কারণ আমাদের দল মানুষের দল তাই তৃতীয়বার অনায়াসে সরকার গড়েছে। এমনকি আগামীতেও আমরাই থাকব রাজ্যের মসনদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *