ভোট পরবর্তী হিংসার তদন্ত করতে সোমবার কলকাতায় আসছেন সিবিআই তদন্তকারীরা, রাজ্যকে চারটি জোনে ভাগ করে তদন্ত

আমাদের ভারত, কলকাতা, ২১ আগস্ট: ভোট পরবর্তী হিংসার তদন্ত করতে রাজ্যে আসছে সিবিআইয়ের তদন্তকারী দল। সোমবার তাঁরা রাজ্যে আসছেন বলে জানাগেছে।

গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট ভোট পরবর্তী হিংসার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। খুন, ধর্ষণ এবং অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত করবে সিবিআই। ৬ সপ্তাহের মধ্যে তাঁদের তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
আদালতের সেই নির্দেশ মত ভোট পরবর্তী হিংসার তদন্ত করতে রাজ্যে আসছে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। বিশেষ সূত্রে জানাগেছে, রাজ্যকে চারটি জোনে ভাগ করে তদন্ত করবে সিবিআই। সোমবারই কলকাতায় আসছেন সিবিআইয়ের চারজন জয়েন্ট ডিরেক্টর সহ বেশ কয়েকজন এসপি পদমর্যাদার আধিকারিকরা আসছেন এবং বৈঠক করবেন কলকাতার সিবিআই দপ্তরে।

প্রসঙ্গত বীরভূমে সবথেকে বেশি ভোট পরবর্তী হিংসা সহ মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব বর্ধমান। তালিকায় শীর্ষে থাকা অন্য জেলাগুলি হল পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনা। খুন, ধর্ষণ গুরুত্বপূর্ণ মামলাগুলির ক্ষেত্রে পুনরায় কেস রেজিস্টার অর্থাৎ এফআইআর করা হবে সিবিআই এর পক্ষ থেকে এবং খুব দ্রুত শুরু হবে তদন্ত।

সিবিআই সূত্রে জানা গেছে পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল ও উত্তরবঙ্গ চারটি জোন তৈরি করে তদন্ত হবে। প্রথমে গুরুত্ব পাবে খুন ও ধর্ষণ মত গুরুত্বপূর্ণ অভিযোগগুলি। একজন করে আধিকারিক থাকবেন এক একটি জোনের অভিযোগের তদন্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *