প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২১ আগস্ট: জগদ্দল, ভাটপাড়ার পর এবার বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুর পৌর এলাকার ২৩ নং ওয়ার্ড। ব্যারাকপুরের পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সুপ্রভাত ঘোষের বাড়িতে বোমা ছুড়ল এক দল দুষ্কৃতী।
জানাগেছে, শুক্রবার গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী ব্যারাকপুরের পুলিশ পার্ক এলাকায় বোমাবাজি করে। তারা পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সুপ্রভাত ঘোষের বাড়ির লক্ষ্য করে বোমা ফাটায়। একটি বোমা বাড়ির দেওয়ালে লেগে ফেটে যায়, আর একটি বাড়ির সামনে রাস্তায় পড়ে। রাতে সবাই শুয়ে পরলেও সুপ্রভাতবাবু জেগে কাজ করছিলেন, তখন হঠাৎ করেই বোমা ফাটার বিকট শব্দ হয়। সেই শব্দে ভয় পেয়ে যান এলাকাবাসী। চারিদিক ধোঁয়ায় ভরে যায়। বোমা ফাটার কিছুক্ষণ পর সবাই বাইরে বেরিয়ে আসেন।
বোমাবাজির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা গেছে, ৩ জন দুষ্কৃতী বাইকে করে এসে বোমাবাজি করেছে। কিন্তু কী কারনে এই বোমাবাজি তা বুঝতে পারছেন না প্রশাসক মণ্ডলীর সদস্য সুপ্রভাতবাবু। তিনি বলেন, “আমার কোন শত্রু আছে বলে জানা নেই। কিন্তু রাতে বোমাবাজির ঘটনায় আমি হতবাক হয়ে যাচ্ছি। আমি আমার বাড়ির সিসি টিভি ফুটেজ দেখেছি তিন জন দুষ্কৃতী এসেছিল। কিন্তু কাউকে চিনতে পারছি না। পুলিশকে ফুটেজ দিয়ে দিয়েছি তদন্তের স্বার্থে।”

এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। তাদের মতে, “একজন দাপুটে তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজি হচ্ছে, সেখানে সাধারন নাগরিকদের নিরাপত্তা কোথায় থাকবে? পুলিশের উচিৎ দ্রুত দুষ্কৃতীদের ধরে শাস্তির ব্যবস্থা করা।”

