আমাদের ভারত, ২২ জানুয়ারি: “যাঁরা এই রাজ্যে স্কুল খোলার কথা বলছেন, তাঁদের নিজেদের সরকার যে রাজ্যে আছে সেখানেও বেশিরভাগ জায়গায় পঠন পাঠন বন্ধ।” শনিবার এই মন্তব্য করলেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘের রাজ্য সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক।
তিনি বলেন, “স্কুল খোলা নিয়ে চারিদিকে খুব আলোচনা চলছে, আসলে স্কুল তো খোলা আছে, বলুন পঠন পাঠন শুরু করা হোক। এ নিয়ে যত হইচই হচ্ছে, তা রাজনীতি ছাড়া কিছু নয়। বিরোধী হলেই স্কুল খোলার কথা বলছে, বাস্তবটা না ভেবে, সারা দেশ তথা সারা পৃথিবীতে ক’টা জায়গায় অফলাইন পঠন পাঠন চালু আছে এই পরিস্থিতিতে?
আমাদের বক্তব্য অন্য, ১) কোভিড ভ্যাক্সিন সম্পন্ন করে পঠন পাঠন শুরু করা হোক নিদিষ্ট কোভিড বিধি মেনে। দরকার হলে যাদের ভ্যাক্সিন সম্পন্ন হয়েছে, তাদের পঠন পাঠন শুরু হোক। ২) আর হ্যাঁ স্কুলছুট শিক্ষার্থীদের জন্য সঠিক সমীক্ষা করে তাদের ফিরিয়ে আনার জন্য পরিকল্পনা করা দরকার। ৩) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছর অফলাইনে করানো সম্ভব কারন, এই সমস্ত শিক্ষার্থীদের ভ্যাক্সিন হচ্ছে। তাই শুধু বিরোধিতার নামে বাজার গরম না করে শিক্ষার উন্নয়নে সবাইকে এক হতে হবে।”

