আমাদের ভারত, মালদা, ২২ জানুয়ারি: মালদার কালিয়াচক থানার রামনগর এলাকার জঙ্গল থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। শনিবার দুপুরে স্থানীয় কিছু মানুষ জঙ্গলের মধ্যে ওই পরিত্যক্ত ব্যাগটি পড়ে থাকতে দেখে। এরপরই তাদের সন্দেহ হয়। উঁকিঝুঁকি মারতেই ব্যাগের মধ্যে বোমা মজুদ থাকার বিষয়টি জানতে পারেন তারা। এরপরই গোটা এলাকাজুড়ে শোরগোল পড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াড এবং দমকলের একটি ইঞ্জিন। কালিয়াচক থানার রামনগর এলাকাটি জনবহুল থাকায় তাজা বোমা উদ্ধারের পর আতঙ্ক ছড়িয়েছে। প্রায় ওই ব্যাগ থেকে দশটি দেশি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। পরে ফাঁকা জায়গায় উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড বাহিনীর কর্তারা।

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ওই পরিতক্ত জঙ্গলে কারা তাজা বোমাগুলি মজুত করে রেখেছিল সে ব্যাপারে এখনও পরিষ্কার করে কিছু জানা যায়নি। তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
অন্যদিকে একই সময়ের মধ্যে বৈষ্ণবনগর থানার কুম্ভিরা মোহনপুর এলাকা থেকে একটি ড্রামে মজুত ১০০ টিরও বেশি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এত বিপুল পরিমাণ তাজা বোমাকে বা কারা মজুত করে রেখেছিল তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। এই বোমা উদ্ধারের ঘটনায় ওই এলাকাতেও তদন্তে যায় বম্ব স্কোয়াড বাহিনীর দল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বড় ড্রামে এত বিপুল পরিমাণ তাজা বোমা মজুত করে রেখেছিল দুষ্কৃতীরা। মোহনপুর গ্রামের কবরস্থানের পাশে একটি জঙ্গলে লুকানো ছিল এই তাজা বোমাগুলি। এদিন দুপুরে ওই জঙ্গল দিয়ে কিছু মানুষ কাজ সেরে বাড়ি ফেরার সময় পরিত্যক্ত ড্রামটি নজরে আসে। এরপরে বোমা উদ্ধারের বিষয়টি জানা যায়। দুটি ঘটনা নিয়েই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্তারা।

