উলুবেড়িয়ায় মৎস্য বিক্রেতাদের সাইকেল ও তাপ নিরোধক বাক্স দিল মৎস্য দপ্তর

আমাদের ভারত, হাওড়া, ২৬ নভেম্বর: মৎস্য বিক্রেতাদের মাছ বিক্রির সুবিধার্থে তাদের হাতে সাইকেল ও তাপ নিরোধক বাক্স তুলে দিল মৎস্য দপ্তর। শুক্রবার উলুবেড়িয়া ১ নং বিডিও অফিসে এক অনুষ্ঠানে উলুবেড়িয়া ১ নং ব্লকের ১৫ জন এবং উলুবেড়িয়া পুরসভার ৮ জন মৎস্য বিক্রেতার হাতে সাইকেল ও বাক্স তুলে দেওয়া হয়।

বাড়ি বাড়ি ঘুরে মাছ বিক্রেতাদের কষ্ট লাঘব করতে মৎস্য দপ্তর তাদের সাইকেল ও তাপ নিরোধক বাক্স দেওয়ার উদ্যোগ নেয়। সেইমতো হাওড়া জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে, হাওড়া জেলা পরিষদের সহযোগিতায় এবং উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির ব্যাবস্থাপনায় শুক্রবার উলুবেড়িয়া ১ নং বিডিও অফিসে ২৩ জন মাছ বিক্রেতার হাতে সাইকেল ও তাপ নিরোধক বাক্স তুলে দেওয়া হয়। এদিন মাছ বিক্রেতাদের হাতে সাইকেল ও বাক্স তুলে দেন উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও নিলাদ্রী শেখর দে, উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস, জেলা মৎস্য আধিকারিক নারায়ণ বাগ সহ অন্যান্যরা।

মৎস্য দপ্তর সূত্রে খবর, তাপ নিরোধক বাক্সে ৭২ ঘন্টা পর্যন্ত মাছ রাখা যাবে। জেলা মৎস্য দপ্তর সূত্রে খবর, এই অর্থবর্ষে হাওড়া জেলায় ১০৯ জন মৎস্য বিক্রেতার হাতে সাইকেল ও তাপ নিরোধক বাক্স তুলে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *