মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু পুরুলিয়া ও বাঁকুড়ার ৪ পরিযায়ী শ্রমিকের

সাথী দাস, পুরুলিয়া, ২৭ নভেম্বর: বিশাখাপত্তনমে কাজ করতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার পরিযায়ী শ্রমিকের। পুরুলিয়া ও বাঁকুড়া জেলার মিলে মোট ৪ জন পরিযায়ী শ্রমিক মারা যান।

জানা যায়, তারা বিশাখাপত্তনমে রং মিস্ত্রির কাজ করতেন। শুক্রবার রাতে একটি পিকআপ ভ্যানে করে ৩২ জনের একটি শ্রমিকের দল ঝাড়খণ্ডের টাটানগর জংশনের উদ্দেশ্যে রওনা দেন। সেখান থেকে ট্রেন ধরে তাদের বিশাখাপত্তনমের যাওয়ার কথা ছিল। বরাবাজার দিয়ে পুরুলিয়া জেলা পেরিয়ে ঝাড়খন্ড রাজ্যে প্রবেশ করার পরই পটমদার ঠঙঠঙি এলাকায় তাদের পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপরেই উল্টে যায়। ঘটনায় পিকআপ ভ্যানে থাকা সকলেই কমবেশি আহত হন। ঘটনার কথা জানাজানি হওয়ার পরই স্থানীয় মানুষজন ও কমলপুর থানার পটমদা ফাঁড়ির পুলিশ তাদের উদ্ধার করে টাটা এম এইচ এম হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্য একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে টাটা মেন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। রাত দুটোর তার মৃত্যু হয়।

ঘটনায় বরাবাজার থানার সিন্দরী গ্রামের নির্মল মাহাতো (৩৫ ), দুর্যোধন মাহাতো (২৩), লাকা গ্রামের চারু মাহাতো (২৫) মারা যান। অন্য এক মৃত ব্যক্তির নাম পরিচয় অস্পষ্ট থাকলেও তিনি বাঁকুড়া জেলার খাতড়া এলাকার বাসিন্দা বলে শ্রমিকদের সাথে কথা বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *