অমরজিৎ দে,ঝাড়গ্রাম, ২৭ নভেম্বর:
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের অন্যতম পর্যটন কেন্দ্র ঝিল্লি পাখিরালয়ের ক্যানেল থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। পুলিশ জানিয়েছে ওই মহিলার নাম সখি সিং, বয়স ৪৯ বছর।
ঝিল্লি পাখিরালয়টি গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সাদমা গ্রাম পঞ্চায়েতের ফানিছর গ্রামে। আজ সকালে স্থানীয় বাসিন্দারা ঝিল্লি পাখিরালয়ের থেকে দেখতে পান জলে ভাসছে ওই মহিলার দেহ। খবর পেয়ে পুলিশ তার দেহ উদ্ধার করে। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানতে পারে ওই মহিলার স্বামী বুদ্ধেশ্বর সিং অনেকদিন আগেই মারা গিয়েছে। তার দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন সখীদেবী। বুদ্ধেশ্বরবাবুর প্রথম পক্ষের স্ত্রী ও তার সন্তানদের সঙ্গে জমি সংক্রান্ত বিষয় বিবাদের জেরে সখি দেবীকে প্রথমে কাঠ দিয়ে আঘাত করে ও পরে শ্বাসরোধ করে খুন করা হয়। দেহের লোপাটের জন্য বস্তাবন্দী করে ক্যানেলের জলে ভাসিয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে জেরায় তারা খুনের কথা স্বীকার করেছে।

