ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগে তমলুকের পরীক্ষা কেন্দ্রগুলির অগ্নিনির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখল দমকল বিভাগ

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২১আগস্ট: আগামীকাল রাজ্যজুড়ে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্কুলে হবে এই পরীক্ষার সেন্টার। আর এই পরীক্ষার জন্য তমলুক মহকুমার বিভিন্ন স্কুলের অগ্নিনির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখছে তমলুকের দমকল বিভাগ।

২১ আগস্ট শনিবার তমলুক হামিল্টন হাইস্কুল, রাজকুমারী সান্তনাময়ী ও তমলুক হাইস্কুল সহ তমলুক মহকুমার ১৬ টি স্কুলে অগ্নিনির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখল দমকল বাহিনী। ২২ আগস্ট রাজ্যজুড়ে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। প্রতিটি জেলার বিভিন্ন স্কুলে করা হয়েছে পরীক্ষা কেন্দ্র। তমলুক মহকুমার ১৬ টি স্কুলে ২২ আগস্ট রবিবার সিভিল সার্ভিসের প্রাথমিক পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে। তাই তার আগে এদিন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসকের (সাধারণ) নির্দেশে স্কুলে স্কুলে দমকলের কর্মীরা অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখার কাজ করে।

শুধু অগ্নিনির্বাপক ব্যবস্থা পরীক্ষা করে দেখাই নয়, সেই সঙ্গে স্কুলের অশিক্ষক কর্মচারীদের আগুন প্রাথমিক পর্যায়ে কিভাবে রোধ করা যাবে তা হাতে-কলমে করে দেখানো হয়। সেইসঙ্গে পরীক্ষা কেন্দ্র গুলিকে দমকল বাহিনী স্যানিটাইজও করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *