আনিস খানের মৃত্যুতে অধরা অভিযুক্তরা, প্রেসিডেন্সির সামনে বিক্ষোভে বাম পড়ুয়ারা

আমাদের ভারত, কলকাতা, ২১ ফেব্রুয়ারি: রাষ্ট্র বরাবর ভয় পেয়েছে রাষ্ট্রদ্রোহিতার, দমাতে চেয়েছে প্রতিবাদী কন্ঠস্বর। সেই রাষ্ট্রযন্ত্রের হাতে খুন হওয়ারই অন্য আরেক নিদর্শন উঠে এল রাজ্যের আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায়।

সোমবার এই অভিযোগে সরব হন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই পড়ুয়ারা। কলেজ স্ট্রিটের মোড়ে পথ অবরোধ হয়। এসএফআই সংগঠনের শাখা সম্পাদক অদ্রিজা কারক সোমবার বলেন, “আনিস খানের মৃত্যুর প্রতিবাদে আজ বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ প্রর্দশন করে ভারতের ছাত্র ফেডারেশন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিট। কলেজ স্ট্রিটের রাজপথ খানিকক্ষণ অবরুদ্ধ রেখে আজকের বিক্ষোভ থেকে শপথ নেওয়া হল কমরেড আনিস খানকে ইনসাফ পাইয়ে দেওয়ার। আগামী দিনে আনিসের খুনিদের শাস্তির দাবিতে এবং ছাত্র হত্যাকারী এই সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন সামিল থাকার অঙ্গীকার নেওয়া হল আজ।

এনআরসি, সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা আনিস খান সরব হয়েছিলেন রাজ্য সরকারের জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে। নিজের বিশ্ববিদ্যালয়ের জন্য দীর্ঘকালীন আন্দোলনে ছিলেন তিনি। ছাত্রদের প্রতিবাদী কন্ঠস্বরকে বরাবর দমিয়ে দিতে চাওয়া বর্তমান রাজ্য সরকারকে ধিক্কার জানিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশন ইউনিটের তরফে এদিন প্রতিবাদী জমায়েত ও মিছিলের ডাক দেয়।”

আনিস-কান্ডের প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এ দিন বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও-র সমর্থকরাও বিক্ষোভ দেখায়। কলেজ স্ট্রিটের মোড়ে তারা পথ অবরোধ করে। এই কারণে ওই অঞ্চলে যানজটের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *