নীল বাতি লাগানো গাড়ির চালককে রানাঘাট আদালতে হাজির করল শান্তিপুর থানার পুলিশ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ এপ্রিল: বেআইনিভাবে গাড়িতে নীল বাতি ব্যবহারের অভিযোগে একটি গাড়িকে আটক করল পুলিশ। বুধবার বিকেলে শান্তিপুর থানার বাইপাস সংলগ্ন এলাকা থেকে গাড়িটি আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার শান্তিপুর থানা এলাকার বাইপাসে গাড়িটি দেখে সন্দেহ হয় তাদের। গাড়ি চালককে জিজ্ঞাসাবাদের পর উপযুক্ত অনুমতি বা কাগজপত্র দেখাতে পারেননি। এরপর গাড়িটি আটক করে পুলিশ। কোথা থেকে এলো এই গাড়িটি? গাড়ির প্রকৃত মালিক কে ? কেনই বা গাড়িতে নীল বাতি ব্যবহার করা হচ্ছে?

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই গাড়িটি গত দু বছর ধরে ফুলিয়ার বেলঘড়িয়া এক নম্বর পঞ্চায়েতের দুই কাপড়ের ব্যবসায়ী স্বরূপ বিশ্বাস ও অরূপ বিশ্বাসের বাড়িতে থাকতো। কোটিপতি ব্যবসায়ী প্রতিবেশী বলে পাড়ার লোকেরা এই নিয়ে কোনও মাথা ঘামায়নি। তারা ভেবেছিল হয়তো কোনও নেতা মন্ত্রীর সাথে এই ব্যবসায়ীদের ওঠাবসা আছে তাই গাড়িতে নীল বাতি লাগানো। কিন্তু গতকাল পুলিশের জালে এই গাড়িটি ধরা পড়ার পরেই প্রতিবেশীরা মুখ খুলতে শুরু করেন। জানা যায়, ঐ ব্যবসায়ীদের বাড়িতে বিএমডব্লিউ, হুন্ডাই সহ দামি মডেলের চারটি গাড়ি আছে। যার মধ্যে একটি ছিল ইনোভা যাতে নীল বাতি লাগানো আছে। এই গাড়িটিকেই গতকাল অনেকবার পাড়াতে ঘোরাফেরা করতে দেখা গেছিল। এরপর বৈধ কাগজপত্র না থাকায় গাড়ি এবং গাড়ির চালককে শান্তিপুর থানা আটক করে।

বৃহস্পতিবার নীল বাতি লাগানো ওই গাড়িচালককে রানাঘাট আদালতে হাজির করে শান্তিপুর থানার পুলিশ। কোথা থেকে এলো গাড়িটা? কেনই বা এই গাড়িতে নীল বাতি লাগানো হয়েছে? প্রকৃত গাড়ির মালিক কে তা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *