স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৬ মে: সরকারি বাসের চালককে মারধরের অভিযোগ উঠলো সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার দোমোহনা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে দোমোহনা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। আহত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস চালক পৃথ্বীশ সরকার। তিনি রানাঘাট ডিপোর কর্মী। আহত অবস্থায় তিনি করণদিঘি গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় করণদিঘী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই সরকারি বাসের চালক। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, রানাঘাট ডিপোর একটি সরকারি বাস গতকাল রাতে ডালখোলা এসে পৌঁছায়। সোমবার সকালে আবার ওই সরকারি বাসটি ডালখোলা থেকে রানাঘাটের উদ্দ্যেশ্যে রওনা দিলে করণদিঘি থানার দোমোহনা এলাকাতে পৌঁছায়। দোমোহনা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজট থাকায় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারদের সাথে অন্য একটি সরকারি বাসের চালকের বচসা শুরু হয়। ওই সিভিক ভলান্টিয়ার বাস চালককে মারধর করলে তখন রানাঘাট ডিপোর বাসের চালক পৃথ্বীশবাবু আটকাতে গেলে সিভিক ভলান্টিয়ারটি তাঁকেও বেধড়ক মারধর করতে থাকে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় করণদিঘি গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় রানাঘাট ডিপোর ওই বাস চালককে। এই ঘটনায় করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় সিভিক পুলিশের বিরুদ্ধে।

