আমাদের ভারত, ব্যারাকপুর, ১৬ মে: দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ডাকে তার সঙ্গে দেখা করতে সোমবার সকালেই দিল্লি উড়ে গেলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। দিল্লি যাবার আগে জগদ্দলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, “জেপি নাড্ডা কি বিষয়ে বৈঠক করবেন সেটা জানি না, তবে বাংলার সাংগঠনিক দুর্বলতা নিয়ে কথা বলতে বললে অবশ্যই রাজ্য বিজেপির সাংগঠনিক দুর্বলতা তুলে ধরবো আর আমার বৈঠকে যাওয়ার মূল উদ্যেশ্য হলো পাট শিল্প ও জুট মিলগুলিকে ভালো জায়গায় নিয়ে যাওয়া।” তবে এদিন তার দিল্লি যাওয়ার কারণ সম্পর্কে ধোঁয়াশা রেখে গেলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।
প্রসঙ্গত, অর্জুন সিং’য়ের তৃণমূলে ফেরার জল্পনা ক্রমেই জোরালো হচ্ছে। আর তার মাঝেই তাকে বার বার দিল্লি ডেকে পাঠাচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। অর্জুন সিংয়ের বার বার দিল্লি যাওয়া প্রসঙ্গে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, “উনি জেপি নাড্ডার সাথে বৈঠক করতে গেছেন সেটা বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু অর্জুন সিং বিজেপিতে দরকষাকষি করছেন। এর আগেও তিনি তৃণমূলে নিজের দর কষাকষি করেছিলেন। কিন্তু তৃণমূলে ওনার কোনো জায়গা আপাতত নেই। তৃণমূলে আসার যে কথা বলা হচ্ছে সেটা অর্জুন সিংয়ের ছড়ানো কথা।” তৃণমূলে অর্জুন সিংয়ের ফেরার যে সম্ভাবনা তৈরী হয়েছে তা খারিজ করেছেন জগদ্দলের বিধায়ক। তিনি জানিয়েছেন, দলের শীর্ষ নেতৃত্ব এখনো পর্যন্ত সেরম কোনো সিদ্ধান্ত তাকে জানায়নি।
তবে অর্জুন সিংয়ের পাট শিল্পের আন্দোলন নিয়ে এদিন বিধায়ক বলেন, এই আন্দোলন অনেক আগেই শুরু করেছে তৃণমূল কংগ্রেস সহ ২১টি ট্রেড ইউনিয়ন। আর সাংসদের এখন মনে পড়েছে। আমাদের মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়ে অনেক আগে থেকেই উদ্যোগ নিয়েছিলেন। তবে খুব শীঘ্রই জুট শিল্পের সমস্যার সমাধান হবে।”

