আমাদের ভারত, ১৬ মে: বারানসীর জ্ঞানবাপী মসজিদের ভিতরের জলাশয়ে শিবলিঙ্গ রয়েছে। তিন দিন ভিডিওগ্রাফি সমীক্ষার পর আদালতে এমনটাই দাবি করলেন এক আইনজীবী। যে জলাশয়ে শিবলিঙ্গ রয়েছে সেটিকে আপাতত সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের আদালত। ওই জলাশয় সংলগ্ন এলাকায় এখন কেউ ঢুকতে পারবে না বা ওই অংশটি কেউ ব্যবহার করতে পারবে না। অন্যদিকে সুপ্রিমকোর্টে জ্ঞানবাপী মসজিদ কর্তৃপক্ষের আবেদনের শুনানি রয়েছে মঙ্গলবার।
আদালতের নির্দেশে বারানসি মসজিদে তিনদিনব্যাপী ভিডিওগ্রাফি সমীক্ষা চলছিল। সেই ভিডিওগ্রাফিতে দেখা যায় মসজিদের অন্দরে জলাশয়, যেখানে ইসলাম ধর্মাবলম্বীরা ওজু করেন সেখানে একটি শিবলিঙ্গ রয়েছে। সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে শেষ দিনের ভিডিওগ্রাফি শুরু হয়। জলাশয়ে ভিডিওগ্রাফির জন্য সমস্ত জল বের করে দেওয়া হয়। তখনই শিবলিঙ্গের উপস্থিতি ধরা পড়ে বলে দাবি। বিষয়টি আদালতে জানান আইনজীবী। এরপরই ওই জলাশয়টি সিল করে দেওয়া নির্দেশ দেয় আদালত।
আদালতের তরফে বারানসির জেলা শাসক কৌশল রাজ শর্মাকে জলাশয়টি সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আপাতত জলাশয়টি কেউ ব্যবহার করতে পারবেন না। জ্ঞানবাপী মসজিদ চত্বরে শৃঙ্গার গৌরুর পুজো করার আবেদন জানিয়েছিলেন পাঁচ মহিলা। গত এক বছর ধরে এই অঞ্চলটি খুলে দেওয়া হয় প্রার্থনা করার জন্য। কিন্তু মহিলাদের আবেদন ছিল তারা চান পুরনো মন্দির চত্বরে অন্যান্য দেবদেবীর সামনেও প্রার্থনা করতে। গত এপ্রিলে এ বিষয়টি তদন্তের নির্দেশ দেয় বারানসি আদালত। সেই মতো কয়েকদিন আগে মসজিদের ভিতরে শুরু হয়েছিল ভিডিও সমীক্ষা।
কিন্তু এর ভিডিও সার্ভেতে আপত্তি তোলেন মসজিদ কমিটির সদস্যরা। তাদের আইনজীবীরা জানান, মসজিদের মধ্যে কোনোরকম ভিডিওগ্রাফি করা যাবে না। কিন্তু পিটিশন দখিলকারীদের আইনজীবীরা বলেন, তারা আদালতের নির্দেশ মেনে এসব করছেন। সুপ্রিম কোর্টে যায় মসজিদ কমিটি। তাদের আবেদনের শুনানি মঙ্গলবার।
প্রসঙ্গত উল্লেখ্য, কাশী ও বারানসির বিখ্যাত বিশ্বনাথ মন্দিরের গায়ে রয়েছে জ্ঞানবাপী মসজিদ। একাংশের মতে একাধিকবার বিদেশি সেনাদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় মন্দিরটি। ১৬৬৮ সালে মূল মন্দিরটি দখল করে জ্ঞানবাপী মসজিদ তৈরি করে ঔরঙ্গজেব। কিন্তু এখনো মসেজিদের দেওয়ালে হিন্দু দেবদেবীর ছবি দেখা যায়। অষ্টাদশ শতকে হিন্দুদের আবেগকে মান্যতা দিয়ে মসজিদের কাছে আজকের বিশ্বনাথ মন্দিরকে তৈরি করেন মারাঠা রাজ্য মালবারের রানী অহল্যা বাঈ হোলকার।
জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্কে সরগরম গোটা দেশ। বারানসি আদালতের নির্দেশে শুরু হয় ওই মসজিদে সমীক্ষা। পুলিশ ভিডিওগ্রাফি করে পুরো এলাকাটিতে কাজ করার সময়ই মসজিদের ভিতরে জলাশয় মধ্যে একটি শিবলিঙ্গ মিলেছে বলে খবর। তারপরই স্থানীয় আদালত এদিন এক আবেদনকারীর মামলায় ওই অংশটি রাখার নির্দেশ দেয়। উল্লেখ্য, জ্ঞানবাপী মসজিদ চত্বরে শৃঙ্গার গৌরী দেবীর মন্দিরেপুজো দেওয়ার আর্জি জানিয়ে ৫ জন মহিলা নিম্ন আদালতে মামলা করেন। সেই মামলায় সিদ্ধান্ত গ্রহণের আগে মসজিদ চত্বরে সমীক্ষা করার নির্দেশ দেয় আদালত। নির্দেশ অনুযায়ী সোমবার ছিল সেই সমীক্ষা করার শেষ দিন। সমীক্ষা চালিয়ে মসজিদের কুয়োতে শিবলিঙ্গ মিলেছে বলে খবর। মুসলিমরা অনেকে অজু করে নামাজ পাঠের আগে। অন্যদিকে এই সমীক্ষার কাজ বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মসজিদ কমিটি। আগামীকাল শুনানি হবে বারানসি আদালতের তরফের তিনজন পর্যবেক্ষকের অধীনেই পুরো সমীক্ষার কাজ করা হয় তিনদিন ধরে। সে কাজ চলছে গোটা ঘটনার রিপোর্ট আগামীকাল জমা পড়বে আদালতে।

