“কাশ্মীর ছাড়ো, নাহলে মরবে”, কাশ্মীরি পন্ডিত, শরণার্থী আরএসএস কর্মীদের উদ্দেশ্যে হুমকি জঙ্গিদের

আমাদের ভারত, ১৬ মে: জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের তোড়জোড় শুরু হয়েছে। কিন্তু তার মধ্যে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে কাশ্মীরি পণ্ডিতদের প্রতি বিদ্বেষ। গত সপ্তাহে এক তরুণ পণ্ডিতকে গুলি করে খুন করেছিল জঙ্গিরা। এবার সরাসরি হুমকি চিঠি পাঠালো লস্কর-ই ইসলাম নামে এক জঙ্গি সংগঠন। ছাপা অক্ষরে এই হুমকি দেওয়া হয়েছে।

ওই পোস্টারে লেখা আছে সমস্ত “শরণার্থী এবং আরএসএস এজেন্টরা কাশ্মীর ছাড়ো নয় তো মরবে। কাশ্মীরি পণ্ডিতরাও ছাড় পাবে না নিজেদের নিরাপত্তার দ্বিগুণ-তিনগুণ করলেও মরবে।” রবিবার থেকে এই হুমকি চিঠি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উপত্যাকায়। জানা গেছে, পুলওয়ামার শরণার্থী কলোনির সভাপতিকে এই চিঠি লিখেছে।

সংক্ষিপ্ত চিঠিতে হুমকি দেওয়া হয়েছে। লেখা হয়েছে, “কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীরকে ইসরাইল বানাতে চায়, মুসলিমদের খুন করতে চায়। তাই তাদের মরতে হবে। নিরাপত্তা বাড়িয়েও কোনো লাভ হবে না। “এমন লস্কর-ই ইসলামের লোগো নাম লেখা প্যাডে চিঠি পাঠানো হয়েছে।

মনে করা হচ্ছে এই হুমকির চিঠি ভুয়ো নয়‌। কারণ এই ধরনের সংগঠনের বাড়বাড়ন্ত হচ্ছে কাশ্মীর উপত্যকায়। বাসিন্দাদের একাংশের আশঙ্কা ফের সেই কালো দিন ফিরছে ভূ-স্বর্গে।

বৃহস্পতিবার কাশ্মীরের বদগাঁওতে তহশিলদারের অফিসে ঢুকে রাহুল ভাট নামে এক কাশ্মীরি পণ্ডিতকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে থেকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। এই ঘটনার দায় স্বীকার করে কাশ্মীর ট্রেডার্স নামে একটি সংগঠন। ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল হয় কাশ্মীরি পন্ডিতরা। তাদের অভিযোগ, প্রশাসনিক উদাসীনতায় উপত্যকায় নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে কাশ্মীরি পণ্ডিতদের। এরপর আবার পুলওয়ামার শরনার্থীদের শিবিরে হুমকির চিঠি পৌঁছালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *