আমাদের ভারত, শিলিগুড়ি, ২৫ আগস্ট: ট্রয় ট্রেনে স্বপ্নের যাত্রা শুরু হল বুধবার। ভিস্তা ডোম কোচ লাগানোয় এবার আরও স্পষ্টভাবে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবে পর্যটকরা। তাই এবার টয় ট্রেনে নিউজলপাইগুড়ি-দার্জিলিং যাত্রা সত্যি স্বপ্নের। কু ঝিক ঝিক করতে করতে পাহাড়ের বুক চিরে এগিয়ে যাবে প্রিয় খেলনা ট্রেন। শুধু তাই নয়, আকর্ষণ বাড়াতে নতুন সংযোজন জঙ্গল সাফারি। আবার ৩০বছর পর শুরু হলো পার্সেল ভ্যানও।
পাহাড়ে দেশ-বিদেশের পর্যটকরা ছুটে আসেন এই ট্রেনের প্রেমেই। কবিতা থেকে গল্প এমনকি গান সবকিছুতেই তার অবাধ বিচরণ। কিন্তু ধসের কারণে তা মাঝেমধ্যেই বন্ধ থাকে। এবার আবার করোনার কারণে বন্ধ ছিলো একবছরেরও বেশী সময়। অবশেষে সব সংশয় কাটিয়ে বুধবার থেকেই চালু হয়ে গেলো টয় ট্রেন। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ডিআরএম এস কে চৌধুরী এর সূচনা করেন। উপস্থিত ছিলেন রেলের অন্যান্য অধিকর্তারাও।

প্রথমদিন হাতেগোনা কয়েকজন যাত্রী নিয়েই পাহাড়ের দিকে ছুটল এই ট্রেন। কতজন যাত্রী তা নিয়ে ভাবতে নারাজ রেলকর্তৃপক্ষ, তাদের লক্ষ্য ট্রেনটা চালানো। কিন্তু আজ সবথেকে বেশী আকর্ষণ ছিলো ৩০বছর পর পার্সেল ভ্যান চালু। এপ্রসঙ্গে এস কে চৌধুরী বললেন, আমরা টয় ট্রেনকে আরও আকর্ষণীয় করে তুলব। এই কারণে পার্সেল ভ্যান চালু করা হয়েছে। যে কোনও ব্যবসায়ী ৫টন মাল ৫০০০টাকা ভাড়া দিয়ে নিয়ে যেতে পারবেন। এর চেয়ে কম মালও নিয়ে যেতে পারবে, সেক্ষেত্রে ভাড়াও কম লাগবে। এছাড়া আমরা শিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত জঙ্গল সাফারি চালু করছি। সেটা ভিস্তা ডোম কোচেই নিয়ে যাওয়া হবে। বিকেল ৪টায় সময় ছাড়বে ট্রেন, অর্থাৎ সন্ধ্যার সময় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন যাত্রীরা। এর ভাড়া মাথাপিছু ১০০০টাকা। সিজন টাইমে তা বেড়ে হবে ১২০০টাকা। তিনি আরও বলেন, টয় ট্রেন হেরিটেজ তকমা পাওয়া আমরা এই পরিষেবা চালু রাখতে বদ্ধপরিকর। তাই আমরা নতুন কোচ বানানোর পাশাপাশি নতুন রেললাইন ও ইঞ্জিনও নতুন করে বানাবো। আমরা চাই ট্যুর অপারেটররা তাদের প্যাকেজে এই ট্রেনটিকেও যুক্ত করুক। তাহলে এর প্রতি মানুষের আকর্ষণ আরও বাড়বে। রেলও লাভবান হবে।
প্রসঙ্গত গত ১৬ আগস্ট দার্জিলিং হিমালয়ান রেলওয়ে দার্জিলিং-ঘুম জয়রাইড চালু করেছিল। এবার তারা নিউজলপাইগুড়ি-দার্জিলিং ট্রেন চালু করে দিলো।

