দর্শকদের জন্য খুলল পুরুলিয়া জেলা  বিজ্ঞান কেন্দ্রের দরজা

সাথী দাস, পুরুলিয়া, ১ ফেব্রুয়ারি: দর্শকদের জন্য পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের দরজা খুলে দেওয়া হল আজ। কোভিড পরিস্থিতির কারণে ৩ জানুয়ারি থেকে
জনসাধারণের প্রবেশ বন্ধ ছিল। সরকারি নির্দেশিকা দফতরে পৌঁছতেই কোভিড বিধি মেনে দর্শক সাধারণের জন্য খুলে দেওয়া হয়। প্রথম দিন শতাধিক দর্শক টিকিট কেটে এশিয়ার প্রথম এই জেলা বিজ্ঞান কেন্দ্রে প্রবেশ করেন।

পুরুলিয়া জেলায় ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা হাতে গোনা থাকলেও প্রশাসনিক দিক থেকে সচেতনার প্রচার জারি রয়েছে। এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদ প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে বলে জানালেন জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুব জ্যোতি চট্টোপাধ্যায়। তিনি জানান, “পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হবে এবং সাধারণ দর্শকের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের যাতায়াত এই কেন্দ্রে বাড়বে বলে আমার বিশ্বাস।”

চলতি বছরের জানুয়ারির গোড়ায় বন্ধ হওয়ার আগের দিন পর্যন্ত প্রতিদিন হাজার দর্শক এই কেন্দ্রে আসতেন। ভিন জেলা শুধু নয়, অন্যান্য রাজ্য থেকেও পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে বিজ্ঞান কৌতূহল মেটান দর্শকরা।

বিশ্ব মহামারী কোভিড ১৯ এর কারণে ২০২০-র মার্চ মাসের ২০ তারিখ থেকে জনসাধারণের জন্য বন্ধ করা হয়েছিল এই কেন্দ্রটি। প্রায় ৮ মাস পর ওই বছরের ১০ নভেম্বর দর্শকদের জন্য দরজা খুলে দেওয়া হয়। তারপর করোনার দ্বিতীয় ঢেউয়ে ফের ওই বছরের ১৫ এপ্রিল থেকে টানা চার মাসের জন্য এবং চলতি বছরের গোড়া থেকে বন্ধ ছিল ৩১ জানুয়ারি পর্যন্ত পুরুলিয়ার গর্ব এই জেলা বিজ্ঞান কেন্দ্রটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *