আমাদের ভারত, ব্যারাকপুর, ৩০ মে: আজ শ্যামনগরে জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়ার পর আজ এই প্রথম তৃণমূলের জন সভাতে অংশ নিলেন সাংসদ অর্জুন সিং। দীর্ঘ দিন বাদে আজ সাংসদ অর্জুন সিংকে ফের দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে এক মঞ্চে বক্তব্য রাখতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্জুন সিং’কে মঞ্চে বসিয়ে স্পষ্ট বলে দিলেন বিজেপি থেকে তৃণমূলে আসতে চাইলেই নেওয়া হবে না সেই দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সহজে খুলবে না আর খুললে বিজেপি দল রাজ্য থেকে উঠে যাবে।

প্রসঙ্গত, অর্জুন পুত্র তথা বিজেপি বিধায়ক পবন সিং’কে আজ এই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করানোর জল্পনা উঠেছিল সেই জল্পনাকে নস্যাৎ করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিকে হলদিয়া সভায় বিচার ব্যবস্থা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্যের পাল্টা মন্তব্য করছেন রাজ্যপাল। অভিষেকের মন্তব্যের পাল্টা হিসেবে রাজ্যপাল সীমা লঙ্ঘন করার হুঁশিয়ারি দেন। আজ শ্যামনগরের সভা থেকে সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষের সুরে তিনি বলেন, “আমি বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করেছিলাম, উত্তর দিচ্ছেন রাজ্যপাল। রাজ্যপালকে নিয়ে তো কিছু বলিনি। ঠিক জায়গায় ঢিলটা পড়েছে। মৌচাকে ঢিল পড়েছে। ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি!”

