সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ নভেম্বর: শেষ বারের মতো যুবককে দেখা গিয়েছিল রবিবার রেল ব্রিজের উপরে। সেখানেই দীর্ঘ সময় ধরে ফোনে ব্যস্ত ছিল সে। সঙ্গে ছিল তাঁর এক বান্ধবী। হঠাৎ ট্রেন চলে আসায় সেখানেই ট্রেনে ধাক্কা লেগে নদীর জলে পড়ে যায়। প্রায় ১৮ ঘণ্টা পর সোমবার বিকেলে যমুনা নদী থেকে পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। মৃত যুবকের নাম বিশ্বজিত সরকার (২৪)। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানার শ্মশান রেল ব্রিজে। এই যুবক বাড়ি গোবরডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড অখিলপল্লী এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় বিশ্বজিৎ সরকার নামে ওই যুবক রেল ব্রিজের উপরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। সেই সময় আচমকা ট্রেন চলে আসে। নিজেকে বাঁচাতে যমুনা নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। শেষ মুহূর্তে ট্রেনে ধাক্কা খায়। এরপর নদীতে গিয়ে পড়ে। তাঁর সঙ্গে ছিল তারই বান্ধবী। সে তড়িঘড়ি চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গেলেও কোনও কিছু দেখতে পায়নি। এরপর খবর দেওয়া হয় গোবরডাঙা থানায় ও দমকল বাহিনীকে। খবর পেয়ে ছুটে আসে গোবরডাঙ্গা থানার পুলিশ ও দমকলের আধিকারিকরা। প্রায় ১৮ ঘণ্টা চেষ্টার পরে নদী থেকো উদ্ধার হয় দেহ। মৃতদেহটিকে উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। রিপোর্ট আসার পরেই বোঝা যাবে কিভাবে ঠিক কীভাবে হয়েছে এই যুবকের মৃত্যু।

