অপুষ্টিতে শিশুর মৃত্যু, ভুল থেকে শিক্ষা নিতে বিশেষ অভিযান পুরুলিয়া জেলা প্রশাসনের

সাথী দাস, পুরুলিয়া, ৩ ডিসেম্বর: অপুষ্টি দূর করতে বিশেষ অভিযান শুরু করছে পুরুলিয়া জেলা প্রশাসন। ২৩ নভেম্বর অপুষ্টিতে ভোগা এক তিন মাসের শিশুর মৃত্যু ও তার মার অপুষ্টি নিয়ে তোলপাড় হয় জেলায়। সংবাদের শিরোনামে আসে সেই খবর। বাঁচানো যায়নি সাঁতুড়ি থানার ঢেঁকশিলা গ্ৰামের অপুষ্টিতে ভোগা ওই শিশুকে। এবার তাই অপুষ্টির বিরুদ্ধে অভিযানে বিশেষ ব্যবস্থা নিচ্ছে পুরুলিয়া জেলা প্রশাসন। শনিবার থেকে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ অভিযান।

শুক্রবার পুরুলিয়া জেলা শাসকের দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ছিলেন জেলাশাসক রাহুল মজুমদার, সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া সহ প্রশাসনিক কর্তারা।

জেলাশাসক বলেন, আমরা ৪ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অপুষ্ট শিশুদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সম্পর্কে তথ্য সংগ্ৰহ করছি। তারপর ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়ত, গুরুতরভাবে অপুষ্টিতে ভোগা শিশুদের বাড়ি গিয়ে তাদের মায়ের আর্থ সামাজিক অবস্থান বোঝা হবে। তারপর ওই শিশুর মাকে “উত্থান “নামের একটি প্রকল্পে সামিল করা হবে। দেখা হবে ওই মা লক্ষ্মীর ভান্ডার বা অন্য কোনও সরকারি পরিষেবা পান কি না। স্বনির্ভর দলের সঙ্গে তিনি যুক্ত আছেন কি না তাও দেখা হবে। তারপর ওই মাকে দেওয়া হবে ১০টি করে হাঁসের বাচ্চা, ৫টি করে পেঁপে গাছের চারা, ৩টি করে পেয়ারা চারা ও একটি করে লেবু গাছের চারা। ওই মহিলার জমিতে ছোট একটি হাপা করে দেওয়া হবে। যেখানে জিওল মাছের চাষ করতে পারবেন তিনি। তৃতীয় কর্মসূচিটি হচ্ছে, গর্ভবতী মহিলাদের তথ্য সংগ্রহ করে তাদের হিমোগ্লোবিন, এ্যানিমিয়া ইত্যাদি পরীক্ষা করা হবে।মায়েদের পুষ্টি নিশ্চিত হলে অপুষ্ট সন্তানের জন্ম হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *