সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ৩ ডিসেম্বর: মানবিক ভাতা মাসিক তিন হাজার টাকা সহ বিভিন্ন দাবিতে বিশ্ব প্রতিবন্ধী দিবসে মিছিল সহকারে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল বাকুঁড়া জেলা শারীরিক প্রতিবন্ধী কল্যাণ সমিতি। আজ দুপুর বারোটা নাগাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবন্ধীরা তামলিবাঁধে জমায়েত হয়।সেখান থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে হাজির হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল জেলা শাসকের হাতে দাবি সনদ তুলে দেন।
বাকুঁড়া জেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক তিলক দত্ত ও সভাপতি অজিত বীর জানান, ঘটা করে প্রতিবন্ধী দিবস পালন করা হলেও প্রতিবন্ধীরা আজও বঞ্চিত। সরকারি উদাসীনতায় উপেক্ষিত।সরকারি চাকুরির ক্ষেত্রে প্রতিবন্ধীদের সংরক্ষণ তিন শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ বৃদ্ধি করতে হবে। সরকারি বেসরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের, সুযোগ থাকলেও বহু ক্ষেত্রেই তা যথাযথ পালন করা হয় না। তারা বলেন, প্রতিবন্ধী শংসাপত্র পেতে তাদের হয়রানির শিকার হতে হয়। প্রতি সপ্তাহে মেডিক্যাল বোর্ডের মাধ্যমে প্রতিবন্ধী শনাক্তকরণ ও চিকিৎসার ব্যবস্থার দাবি জানান। তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের অগ্নি মূল্যদর, অথচ মানবিক ভাতা মাসিক এক হাজার টাকা বরাদ্দ। এই পরিস্থিতিতে মানবিক ভাতা বাড়িয়ে তিনি হাজার টাকা করার দাবি জানান তারা। মানবিক দৃষ্টিতে সরকার তাদের দাবি বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন তারা।

