জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ ডিসেম্বর: ঘূর্ণিঝড় জাওয়াদ পৌঁছানোর আগে রাজ্য প্রস্তুত রয়েছে বলে জানালেন মন্ত্রী মানস ভুঁইঞা। মেদিনীপুরে সোমবার তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যসচিব রাজ্যের সমস্ত জেলার ডিএমদের সাথে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন। পূর্ব মেদিনীপুরের সমুদ্র তীরবর্তী এলাকা থেকে মানুষজনদের সরানো হচ্ছে। পঞ্চায়েত প্রতিনিধি, বিডিও সহ সমস্ত প্রশাসনিক আধিকারিকদের সব রকম ভাবে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।

পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্য ও কেন্দ্র বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত রয়েছে। কোস্টাল এরিয়ার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে। সবাইকে সতর্ক থাকার জন্য বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয় বারবার ক্ষতবিক্ষত করছে রাজ্যকে।অন্ধপ্রদেশ, ওড়িশার পর জাওয়াদের পশ্চিমবঙ্গ থার্ড টার্গেট বলেই মনে করছেন আবহাওয়া বিদরা। দুর্যোগ মোকাবিলায় দিঘায় এনডিআরএফ টিমের টহলদারি শুরুর পাশাপাশি দিঘা ও দিঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে মাইকিংয়ে সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি হতেই ফিরে যাচ্ছেন পর্যটকরা।

