জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ ডিসেম্বর: বৃহস্পতিবার সন্ধ্যায় খড়্গপুর শহরের একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এদিন সন্ধ্যায় রেল শহরের সুভাষ পল্লীতে বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়ের একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল। এলাকার বাসিন্দাদের শীতবস্ত্র বিলি করে বিধায়ক ফিরে যাওয়ার পর তার অনুগামী বলে পরিচিত মহিলা নেত্রী তৃষা চাকলাদার সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীর ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে সাংসদ দিলীপ ঘোষ ঘনিষ্ঠ উত্তর মন্ডল সভাপতি দীপ সোনা ঘোষ ও তার অনুগামীদের বিরুদ্ধে। বিজেপি নেত্রী তৃষা চাকলাদার মন্ডল সভাপতি দীপসোনা ঘোষ, অঙ্কিত শর্মা ও কুনাল সরকারদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলে বলেন, তাকে এর আগে কয়েকবার কু-প্রস্তাব দেওয়া হয়েছিল। রাজি হয়নি বলে বিধায়কের বস্ত্র বিলি অনুষ্ঠানে তাকে না যাওয়ার জন্য ফোনে হুঁশিয়ারি দেওয়া হয়। অনুষ্ঠানে গিয়েছি বলেই এভাবে আক্রমণ করা হয়েছে। খড়্গপুর টাউন থানায় এবিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

হামলা প্রসঙ্গে দ্বীপসোনা বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। অনুষ্ঠানে গন্ডগোলের খবর পেয়ে সেখানে যাই এবং গোলমাল থামিয়ে দিই। বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় বলেন, বিজেপির কেউ এভাবে আক্রমণ করতে পারে না, এটা সমাজবিরোধীদের কাজ। তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পুলিশকে বলা হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করে বিজেপির জেলা সভাপতি সৌমেন তেওয়ারি বলেন, কী হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা জানান, বিজেপিতে ব্যক্তিগত দ্বন্দ্ব-বিভেদ বিষয়ে কিছু বলার নেই। তবে বিজেপিতে ভালো মানুষদের জায়গা নেই।

