সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ ফেব্রুয়ারি: বনগাঁ পৌর ভোটে জোৎস্না আঢ্যকে প্রার্থী করা হলেও প্রার্থী তালিকায় নাম নেই তার স্বামী তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যর। শংকর আঢ্যর নাম প্রার্থী তালিকায় না থাকায় তৃণমূল কংগ্রেসের তালিকা ঘোষণার পর থেকেই বনগাঁতে শুরু হয় বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ। এই নিয়ে মঙ্গলবার ১৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী বদলের দাবি তুলে মিটিংও করেন শংকর আঢ্য। আজ তার মেয়ে ও ভাই কংগ্রেসের প্রার্থী।

বুধবার বনগাঁ মহকুমা শাসকের অফিসে এসে ৩ নম্বর ওয়ার্ড থেকে মনোনয়ন পত্র জমা দেয় শংকর আঢ্যর ভাই মলয় আঢ্য। আর ১৭ নম্বর ওয়ার্ড থেকে মনোনয়ন জমা দেয় শংকর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য। প্রসঙ্গত, ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক গোপাল শেঠ। তার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন ৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেস সমর্থনে প্রার্থী শংকর আঢ্যের ভাই মলয় আঢ্য। অন্যদিকে ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সমর্থনে দাড়িয়েছেন প্রীতিকনা মণ্ডল। তার বিরুদ্ধ কংগ্রেসের সমর্থনে প্রার্থী হয়েছেন বনগাঁর তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যের মেয়ে ঋতুপর্ণা আঢ্য।
এদিন মনোনয়ন জমা দিতে এসে বনগাঁর তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যের মেয়ে ঋতুপর্ণা আঢ্য বলেন, এটা আমার ব্যাক্তিগত মতামত। দাদুর আদর্শে আমি কংগ্রেসের হয়ে লড়াই করব। যে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে তাঁকে এলাকার মানুষ চেনে না। তাই জয়ের ব্যপারে ১০০ ভাগ আশাবাদী তিনি।
অন্য দিকে বনগাঁর তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য বলেন, এটা তাঁদের ব্যক্তি গত ব্যাপার, কে কোন রাজনৈতিক দলে দাঁড়াবে সেটা তাঁদের ব্যাপার।

