আমাদের ভারত, ৯ ফেব্রুয়ারি:কাশ্মীরে ফের বড়োসড়ো নাশকতার ছক কষেছিল জঙ্গিরা। নজরে ছিল পুলিশ ও সেনা জওয়ানরা। সেই হামলার ছক ভেস্তে গেল। জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে কাশ্মীর পুলিশ। উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র।
অনন্তনাগ এলাকায় লুকিয়ে ছিল এই জঙ্গিরা। তাদের টার্গেট ছিল পুলিশ ও সেনা কনভয়ে অতর্কিত হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের খতম করা। সেই পরিকল্পনাও করেছিল তারা। কাশ্মীরের বিভিন্ন জায়গায় জঙ্গিদের নিশানা রয়েছে পুলিশকর্মীরা।
তবে তাদের এবারের ছক বানচাল করল পুলিশ। মঙ্গলবার রাতে তল্লাশি চালিয়ে অনন্তনাগের পুলিশ জইশ-ই-মহম্মদের দুটি সন্ত্রাসবাদি মডিউল ধ্বংস করে ১১ জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর গোলাবারুদ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র।
পুলিশের তরফে জানানো হয়েছে তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল জৈইশ-ই-মহম্মদের জঙ্গিরা অনন্তনাগের শ্রীগুফওয়ারা বিজবেহারা এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছে। সেই খবর পেতেই বিভিন্ন স্থানে একাধিক চেক পয়েন্ট তৈরি করা হয় বলে জানা গেছে। শ্রীগুফওয়ারা গ্রামের সাখরাস ক্রসিংয়ের একটি চেক পয়েন্টে তল্লাশি করার সময় একটি বাইকে থাকা তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও আপত্তিকর সামগ্রী পাওয়া যায়।
তাদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের হদিশ পাওয়া যায়। প্রথম যে তিনজনকে আটক করা হয় তাদের নাম জিজ্ঞাসাবাদে জানা যায় দ্রুত তিনজনের নাম আব্বাস আহ খান, জহুর আহ গৌগুজরি, হেদায়েতুল্লাহ কুটে । জানা গেছে পাকিস্তানি হ্যান্ডেলারদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। দুটি জঙ্গি মডিউল ধ্বংসকে কাশ্মীর পুলিশের বড় সাফল্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পুলিশের এই তৎপরতায় বড়োসড়ো জঙ্গি হামলা রুখে দেওয়া গেল।

