আমাদের ভারত, ৩ জুন: রাজ্য মন্ত্রিসভার তৃতীয় বৈঠকের পর দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পাল জানান, মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি বিষয় নতুন প্রস্তাব গৃহীত হয়েছে। তার মধ্যে অন্যতম “পশ্চিমবঙ্গ দিবস”। এবার থেকে আর পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে না।
দিলীপ ঘোষ জানান, এবার আর পয়লা বৈশাখ নয়, ২০ জুন দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবেই পালিত হবে। তিনি জানান, তথ্য ও সাংস্কৃতি দপ্তর থেকে পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রস্তাব পেশ করা হয়েছে। এর আগে সরকার পহেলা বৈশাখ’কে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করত। আমরা বেসরকারিভাবে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করতাম। শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তৎকালীন আইনসভায় ওই দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হয়েছিল এবং প্রস্তাব দেওয়া হয়েছিল। এবার সরকারিভাবে এই দিনটি আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করব। এছাড়াও তিনি জানান, আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মতিথি উপলক্ষে তার নতুন মূর্তি তৈরি হবে। তার জন্য স্থান চিহ্নিত করা হচ্ছে।
তাছাড়া পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্তে নয়টি স্থানে বেড়া নির্মাণের জন্য বিএসএফকে ৩১ হাজার ৯০৫ একর জমি হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে রাজ্য সরকার।
দুই মন্ত্রী আরো জানান, নিকাশি কর্মীদের মৃত্যুতে ক্ষতিপূরণ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। কাজ করতে গিয়ে শারীরিকভাবে অক্ষম হলেও ক্ষতিপূরণ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ এসসি এসটি ওবিসি ডেভলপমেন্ট অ্যান্ড ফাইনান্স কর্পোরেশন পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। ৩৫৪টি নতুন পদ সৃষ্টি হচ্ছে।
অন্যদিকে স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তর থেকে মুখ্যমন্ত্রী নির্বাহী সহকারীদের বেতন মাসিক ১৮ হাজার টাকা বৃদ্ধি করে ২৫ হাজার টাকা করার প্রস্তাব রাখা হয়েছে মন্ত্রী সবার বৈঠকে বলে জানান তাঁরা।

