Government bus, Bankura, সরকারি বাস অমিল, বিনা ভাড়ায় যাতায়াত ‘কল্পনা’ জঙ্গলমহলের মহিলাদের কাছে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ জুন: সরকারি বাসই তো নেই। একমাত্র বাস ভোরে, কাজেই বিনা ভাড়ায় সরাকারি বাসে ভ্রমণ কল্পনা মাত্র জঙ্গল মহলে। সরকার পরিবর্তন হলেও জেলার জঙ্গলমহল এলাকায় সরকারি বাস পরিবহন ক্ষেত্র আজও চরম উপেক্ষিত। এখনও এই এলাকার ভরসা বেসরকারি পরিবহন।

বিনা ভাড়ায় সরকারি বাসে যাতায়াতের প্রসঙ্গে রানীবাঁধ বাজারের প্রভাতী মুর্মু, অমৃতা সহিস ও বাহামণি মাহাতোর মতো কলেজ পড়ুয়ারা এভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের বক্তব্য, সরকারি বাসে মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন বলে নতুন সরকার ঘোষণা করেছেন। এই পর্যন্তই, কেননা এটা তাদের জন্য নয়। কারণ এখানে একটি মাত্র সরকারি বাস রয়েছে, সেটা ভোরে ছাড়ে। তাই তাদের বেসরকারি বাসে দাঁড়িয়ে গাদাগাদি করেই প্রতিদিন খাতড়া কলেজ সহ নানা কাজে যেতে হয়।তাদের ক্ষোভ, ২০২৪ সালে তৃণমূলের শাসন কালে রানীবাঁধ ও পর্যটন কেন্দ্র ঝিলিমিলিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দু’টি ডিপো তৈরি করে ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা হয়। তবে একদিনের জন্য একটি বাসও ডিপোগুলিতে ঢোকেনি, এমনই অভিযোগ স্থানীয় অধিবাসীদের। সেই সময় তারা খুব আশায় ছিলেন যে, সরকারি বাসে তারা স্বচ্ছন্দে যাতায়াত করবেন। ২০২৪ সাল থেকেই ডিপোগুলি তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। বহুবার ডিপো গুলি চালুর আবেদন নিবেদন করেও কোনো ফল হয়নি।বিগত সরকার তাদের দাবিকে গুরুত্ব দিতে কোনো উদ্যোগই নেয়নি।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, রানীবাঁধ থেকে সকাল ছ’টায় একটি সরকারি বাস যায় এবং সন্ধ্যায় ফেরে। এই বাস কয়েক মিনিটের জন্য রানীবাঁধ বাসস্ট্যান্ডে দাঁড়ায়। বাসটি ডিপোতে ঢোকে না। প্রমথ কিস্কু, মঙ্গল মাহাতো ও ফটিক শবরের অভিযোগ যে, সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করে ডিপো তৈরি হলেও তা চালু করার উদ্যোগ নেওয়া হয়নি। জঙ্গলমহলের বাসিন্দাদের কার্যত বঞ্চিত করা হয়েছে। তাদের আরও অভিযোগ, রানীবাঁধ রুটে একটি মাত্র সরকারি বাস চলে। সেটি ভোরে যাত্রা শুরু করে এবং সন্ধ্যায় ফিরে আসে। বাসটি রানীবাঁধ বাসস্ট্যান্ডে অল্প সময়ের জন্য দাঁড়ায়। ফলে গত ২ থেকে ৩ বছর আগে ডিপো তৈরি করা হলেও তার উদ্দেশ্য পূরণ করা হয়নি।তাদের আরও বক্তব্য, ডিপো থাকলেও যখন সেখানে কোনও বাসের ব্যবস্থা নেই, কোনও পরিকাঠামো না থাকার ফলে এই অবস্থা। তাদের ধারণা, শুধু মাত্র কাটমানির তাগিদে এই পরিকাঠামো গড়ে তোলা হয়েছিল। তাদের দাবি, সরকারি কোষাগারের বিপুল অর্থ ব্যয় করে এই ডিপোগুলি গড়ে তোলা হলেও গত ২ বছরে কেন তা কার্যকর করা হয়নি তা খতিয়ে দেখতে নতুন সরকার উদ্যোগী হোক। জঙ্গলমহলের মতো প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে সরকারি পরিবহন পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে ডিপোগুলি অব্যবহৃত ফেলে রাখা হয়েছে। এই আবহে রাজ্যে সরকার বদলের পর দ্রুত ডিপোগুলি সচল করে নিয়মিত সরকারি বাস পরিষেবা চালুর দাবি জানিয়েছেন তারা। জঙ্গল মহল থেকে সরকারি বাস চলাচল করলে তবেই সরকারি ঘোষণা সার্থক হবে।

তবে রানীবাঁধের ছেলে ক্ষুদিরাম টুডু বর্তমান সরকারের মন্ত্রী হয়েছেন, ফলে এবার ডিপোগুলি চালু হতে পারে। জঙ্গলমহলের গরিব মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন বলে তাদের দৃঢ় বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *