আমাদের ভারত, ৩ জুন: ৩৯০টি জায়গায় মা ক্যান্টিন চলছিল। ৫ টাকায় খাবার পাওয়া যেত। সেখানে এবার এই মা ক্যান্টিনের সংখ্যা বাড়িয়ে ৫০০ করা হলো বলে ঘোষণা করলো বিজেপি সরকার। তৃতীয় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
করোনার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মা ক্যান্টিন তৈরি করেছিল।সেখানে মাত্র পাঁচ টাকায় আহারের ব্যবস্থা ছিল। এই প্রকল্প এখনো চলবে। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার তৃতীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ওই প্রকল্প থাকবে, তবে নাম বদলে যাচ্ছে।
মন্ত্রিসভার বৈঠকের শেষে শুভেন্দুর ক্যাবিনেটের ২ সদস্য দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পাল জানান, আগের চেয়ে আরো বেশি জায়গায় পাঁচ টাকায় আহার পাওয়া যাবে। তবে মা ক্যান্টিনের নাম বদলে হয়ে যাচ্ছে “মা আহার”।
দিলীপ ঘোষ বলেন, মা আহার নামে আগে ৩৯০টি স্থানে ৫ টাকায় খাবার দিত। এবার আরো ১১০ টি নতুন জায়গায় ৫ টাকায় আহার মিলবে। মোট ৫০০টি কেন্দ্র থেকে খাবার বিতরণ হবে। প্রকল্পের নাম হবে মা আহার।
এদিকে মন্ত্রিসভার বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী জানান, বুধবার ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে। এরপর থেকে যারা যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করবে তাদের ফর্মের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। বুধবার পাঁচ জন মহিলার হাতে ৩০০০ টাকার চেক তুলে দেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল এবং দিলীপ ঘোষ।

