জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ মে: যারা এই মহামারী সময়কালে সাধারণ মানুষদের রাত দিন পরিষেবা দিয়ে যায়, সেই সমস্ত কোভিড যোদ্ধাদের সম্মান জানানোর উদ্যোগ নিল মেদিনীপুর শহরের খাপ্রেল বাজার দুর্গোৎসব পুজো কমিটি (মহিলা পরিচালিত) এবং যোগদা সৎসঙ্গ সোসাইটি অব ইন্ডিয়া মেদিনীপুর শাখা। তাদের যৌথ সহায়তায় তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে এদিন মেদিনীপুর শহরের বিভিন্ন ট্রাফিক মোড়ে কর্মরত ট্রাফিক পুলিশ এবং শহর পরিষ্কার রাখার দায়িত্বে থাকা সাফাই কর্মীদের ফুল দিয়ে সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি করোনা পরিস্থিতে কাজ করার জন্য মাস্ক ও স্যানিটাইজার তুলে দিয়ে সম্মান জানানো হল। উপস্থিত ছিলেন পৌরসভার প্রাক্তন কাউন্সিলর নির্মাল্য চক্রবর্তী, ক্লাবের যুগ্ম সম্পাদক শান্তনু চক্রবর্তী, নন্দলাল ভকত, টাউন মুসলিম কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ।


