কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ১৯ মে: সাংসদ ও অভিনেতা দেব অর্থাৎ দীপক অধিকারীর উদ্যোগে ঘাটাল হাসপাতালে রোগীর পরিজনদের খাবার বিতরণ করা হল। ১৬ মে থেকে রাজ্যে লকডাউন শুরু হয়েছে। কেবলমাত্র সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত বাজার দোকান খোলা থাকবে কিন্তু হোটেল রেস্তোরাঁ সারাদিনই বন্ধ থাকবে। আগামী ১৫ দিনের জন্য এই বিধি নিষেধ আপাতত কার্যকর থাকবে বলে রাজ্য সরকার জানিয়েছে। এই পরিস্থিতিতে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দেখভাল করা বাড়ির পরিজনদের জন্য দু’বেলা খাবারের ব্যবস্থা করলেন ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী তথা দেব।

সংসদের প্রতিনিধি রামপদ মান্না বলেন, যেহেতু লকডাউনে হোটেল এবং খাবারের দোকান বন্ধ তাই সমস্যায় পড়েছেন রোগীর সাথে থাকা রোগীর বাড়ির লোকজন। এই সমস্যা সমাধানের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন সংসদ দেব। দুবেলা বিনা খরচায় রোগীর বাড়ির পরিজনদের খাবার দেওয়া হচ্ছে এবং বাড়িতে থাকা কোভিড রোগীদেরও খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এই পরিষেবা পেয়ে খুশি হয়েছেন রোগীর বাড়ির লোকজন।

