আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: ভ্যালেন্টাইন্স ডে’তে রক্তদান করে দিনটি স্মরণীয় করে রাখতে এগিয়ে এল দম্পতিরা। রক্তের রং লাল আর ভালোবাসার রংও লাল। তাই এই বিশেষ দিনে রক্তদান করে মানুষের পাশে দাঁড়াতে পেরে ভীষণ খুশি দম্পতিরা।

সোমবার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে তমলুক ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন, পূর্ব মেদিনীপুর রিপোটার্স ফোরাম ও বাউন্ডুলে ব্যান্ডের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় তমলুকের সুইমিং ক্লাব প্রাঙ্গণে।
ভালবাসার একদিন শীর্ষক এই রক্তদান শিবিরে ১৮ থেকে ৩৫ বছরের যুবক যুবতী, ছাত্র ছাত্রীরা এগিয়ে এসে যেমন রক্তদান করেছেন তেমনি দিনটিকে স্মরণীয় করে রাখতে দম্পতিরা হাতে হাত রেখে রক্তদান করেন। রক্তদান শিবিরে যেমন রক্তদান করা হয় তেমনি প্রিয়জনকে গোলাপ বিনিময়ের মাধ্যমে ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়। ৫০ জনের লক্ষ্যমাত্রা নিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা।

ঋতুপর্ণা ভট্টাচার্য, কুন্তল ভট্টাচার্য দম্পতিরা জানান, আগে কয়েকটা বছর ভ্যালেন্টাইন্স ডে অন্যরকম কেটেছে। এবছরের ভ্যালেন্টাইন্স ডে টা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। ভালোবাসার দিনে ভালোবাসার মানুষের সাথে রক্তদান করতে পেরে ভীষণ ভালো লাগছে। ভালোভাসার মধ্যে দিয়ে সুন্দর জীবন গড়ে ওঠে। আমাদের রক্ত দিয়ে অন্য কারোর জীবন সুস্থ ও সুন্দর হয়ে উঠবে। ভ্যালেন্টাইন্স ডে’তে আমাদের কাছে বড় প্রাপ্তি।

তমলুক ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শুকদেব চট্টোপাধ্যায় বলেন, আমরা সরাবছর ধরে বিভিন্ন জায়গায় রক্ত সংগ্রহ করে থাকি, তবে বিশেষ দিনে রক্তদান শিবিরে সফলতায় আমরা ভীষণ খুশি। নতুন প্রজন্মের যুবক যুবতীদের যাতে রক্তদানের আগ্রহ বাড়ে এবং রক্তদান করে থাকে তার জন্য আমাদের এই ধরনে বিশেষ দিনে রক্তদান শিবির করার উদ্যোগ। আমাদের সহযোগিতা করেছে পূর্ব মেদিনীপুর রিপোটার্স ফোরাম ও বাউন্ডুলে ব্যান্ডের সদস্যরা। তাদের সহযোগীতায় এই ধরনের একটি উদ্যোগ সফলতা লাভ করেছে। তিনি আরো জানান, রক্তদাতাদের একটি সুদৃশ্য সার্টিফিকেটের পাশাপাশি একটি করে গোলাপ ফুলের গাছ উপহার দেওয়া হয়েছে।

