আমাদের ভারত, ২ জুন: অযোধ্যার রাম মন্দির হতে চলেছে ভারতের জাতীয় মন্দির। এমনটা বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মন্দিরের গর্ভগৃহে ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠান ছিল বুধবার। সেখানেই একথা জানান যোগী। একইসঙ্গে তিনি বলেন, রামমন্দির হবে দেশের একতার প্রতীক।
যোগী বলেন, দুই বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু করেন। কাজ সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। আমাদের সৌভাগ্য যে আজ মন্দিরের গর্ভগৃহের ভিত্তিস্থাপন হয়ে গেল।
এদিনের অনুষ্ঠানে যোগী একটি ইট তুলে পাঁচিলের ওপর রাখেন। সেই সময়ে পুরোহিতরা মন্ত্রোচ্চারণ করছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। ৯০ টি মঠ ও মন্দিরের সাধু-সন্ন্যাসীরাও উপস্থিত ছিলেন। এরা সকলে রাম মন্দিরের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের উপস্থিতিতে বুধবার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
সূত্রের খবর, মন্দির নির্মাণের কাজ সঠিকভাবে এগোচ্ছে। কেউ কেউ বলছে চলতি বছরেই শেষ হতে পারে মন্দির নির্মাণের কাজ। আবার কারো কারো মতে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে মন্দির নির্মাণ সম্পন্ন হবে।
কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ থেকে ১৭ হাজার ইট ব্যবহৃত হবে এই মন্দির নির্মাণের কাজে। ২০২০ সালের ৫ আগস্ট অযোধ্যার রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

