আমাদের ভারত, ২ জুন: জম্মু কাশ্মীরে জঙ্গিদের নিশানায় একের পর এক হিন্দুরা। বিশেষ করে কাশ্মীরি পণ্ডিতদের ওপর এই হামলা চালাচ্ছে জেহাদীরা। এই পরিস্থিতিতে উপত্যাকার নিরাপত্তা খতিয়ে দেখতে জরুরি বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
গত মঙ্গলবার কুলগামের একটি স্কুলে ঢুকে এক কাশ্মীরি পন্ডিত শিক্ষিকার উপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। ওই ঘটনার পর থেকেই বিক্ষোভে ফেটে পড়েন উপত্যকার মানুষ। শ্রীনগরে কাশ্মীরি পণ্ডিতরা পথ অবরোধ করে শিক্ষিকার হত্যার প্রতিবাদ করেন। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে তাদের কাশ্মীর থেকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হোক।
জানা গেছে, অনেকেই কাশ্মীর ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করছেন। ফলে প্রশ্ন তুলেছেন বিরোধীরা, তাদের অভিযোগ, কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার।
তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জুনের ৩ তারিখ অর্থাৎ শুক্রবার জরুরি বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর, পুলিশ প্রধান। এছাড়াও থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রক ও গোয়েন্দা সংস্থাগুলির আধিকারিকরা।
সাম্প্রতিক সময়ে অমুসলিমদের নিশানা করেছে পাক মদদপুষ্ট জঙ্গিরা। কেন্দ্রের পুনর্বিন্যাসের মাধ্যমে জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের তোড়জোড় শুরু হতেই সেখানে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে কাশ্মীরি পণ্ডিতদের প্রতি বিদ্বেষ। লস্কর- ই ইসলাম নামে এক জঙ্গি সংগঠন ছাপা অক্ষরে লিখে হুমকি দিয়েছে। তাতে লেখা ছিল, সমস্ত শরণার্থী এবং আরএসএস এজেন্টদের কাশ্মীর ছাড়তে হবে। কাশ্মীরি পন্ডিতরা রেহাই পাবে না। নিজেদের নিরাপত্তা দ্বিগুণ তিন গুণ করলেও মরবে।

