তমলুকে মসজিদের পেছনে বহুতল বাড়ি নির্মাণের ফলে মসজিদের দেওয়ালে ফাটল, মুখ্যমন্ত্রীর দপ্তরে আবেদন মসজিদ কমিটির

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১ জুন: মসজিদের পেছনে বহুতল বাড়ি নির্মাণের ফলে মসজিদের দেওয়ালে ফাটল। স্থানীয়ভাবে অভিযোগ করেও সুরাহা না হওয়ায় মুখ্যমন্ত্রীর দপ্তরে আবেদন মসজিদ কমিটির। মুখ্যমন্ত্রীর দপ্তরের নির্দেশে এলাকা পরিদর্শনে তমলুকের মহাকুমার শাসক ও পৌর কর্তৃপক্ষ।

তমলুক পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে প্রায় তিন শতাব্দীর প্রাচীন একটি মসজিদ আছে। মসজিদের পেছনের জায়গায় একটি বহুতল বাড়ি নির্মাণ হয়েছে। আর সেই কারণেই মসজিদের দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। এমনটাই অভিযোগ মসজিদ কমিটির। স্থানীয় স্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। ফলে মসজিদ কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয় মুখ্যমন্ত্রীর দপ্তরে। সেই অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় মহকুমা শাসককে তদন্তের। নির্দেশ পেয়ে বুধবার এলাকা পরিদর্শনে আসেন তমলুকের মহকুমা শাসক শৌভিক ভট্টাচার্য। তমলুক মহাকুমার অশোকের সঙ্গে এলাকায় আসেন তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায়, কাউন্সিলর পার্থ সারথী মাইতি সহ অন্যান্যরা।

ঘটনাস্থল পরিদশন করে মহকুমা শাসক ও চেয়ারম্যান জানান, মসজিদ কমিটি একটি অভিযোগ জানায় সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। তবে মসজিদের পাশে যে বহুতল বাড়ি নির্মাণ হয়েছে তার চারতলার অনুমতি নেওয়া হলেও তিনি পাঁচতলা বাড়ি বানিয়েছেন। তবে কি কারণে দেওয়ালে ফাটল তা তদন্ত করে দেখা হচ্ছে। বিভাগীয় ইঞ্জিনিয়াররা সমস্ত ব্যাপারটা তদন্ত করে দেখবেন। পাশাপাশি এই বহুতল বাড়ির মালিককে নোটিশ জারি করা হবে কেন তিনি নিয়ম বহির্ভূত ভাবে কাজ করেছেন। সাত দিনের মধ্যে উত্তর দেওয়ার জন্য নোটিশ ও পাঠানো হবে। প্রয়োজনে বহুতলের বেআইনি অংশ ভাঙ্গার নির্দেশ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *