অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১ জুন:
এলাকার বিদ্যুৎ সরবরাহের সমস্যা সমাধানে পথ অবরোধে নামলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ। এদিন সকাল থেকে স্থানীয় মানুষজন গোয়ালমারা থেকে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী যাওয়ার রাস্তার উপর গঙ্গাবাঁধ চকে পথ পথ অবরোধ শুরু করেছেন।
অভিযোগ, পেটবিন্ধি অঞ্চলে বৈদ্যুতিকরণ হয়েছে গত ১৫ বছর আগে। কিন্তু প্রথম থেকেই এলাকার বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত। একটু প্রাকৃতিক দুর্যোগ হলেই বিকল হয়ে পড়ে এলাকার বিদ্যুৎ সরবরাহ। পরে বিদ্যুৎ দফতর থেকে পুনরায় বিদ্যুৎ সংযোগ করতে সময় লেগে যায় কখনো ২ থেকে ৫ ঘন্টা, তো কখনো পুরো দিনটা।ফলে পড়ুয়াদের পড়াশোনার যেমন ব্যাঘাত ঘটে তেমন গরমে হাঁসফাঁস করতে হচ্ছে সাধারণ মানুষকে। এই অবস্থায় বিদ্যুৎ দফতরের প্রতি ক্ষোভে এদিন সকাল থেকে পথ অবরোধে নামেন পেটবিন্ধি এলাকার মানুষজন।
এলাকাবাসীর আরও অভিযোগ, একাধিকবার বিদ্যুৎ দফতরে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। তাই এদিনের অবরোধ থেকে আন্দোলনকারীদের হুঁশিয়ারি অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ না নিলে আরও বৃহত্তর আন্দোলন হবে। তবে এদিন গঙ্গাবাঁধ এলাকার এই পথ অবরোধে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। অবরোধে আটকে পড়েছে রোহিনী, রগড়া, কুলটিকরী সহ একাধিক জায়গার যাত্রীবাহী বাস থেকে ছোট গাড়ি সবই। অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বেলিয়াবেড়া থানার পুলিশ বাহিনী।

