আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১ জুন: সভামঞ্চ থেকে পটাশপুর ১ নম্বর ব্লক সভাপতির বক্তব্যে বিতর্ক। দলীয় কার্যালয় উদ্বোধনের সভা মঞ্চ থেকে পুটাশপুর ১নং ব্লক তৃণমূল সভাপতি পীযূষ কান্তি পণ্ডা বলেন, পঞ্চায়েত ভোট পুলিশ দিয়ে হয়েছিল আমরা জিতেছিলাম। ২০২১ এর ভোট পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী দিয়ে হল আমরা হারলাম। আমাদের লোক আমাদের হারিয়েছে।
প্রকাশ্য সভা মঞ্চ থেকে তিনি আরো বলেন, পটাশপুরে তেলচুরি শুরু হয়েছে, মদের কারবার শুরু হয়েছে, বেআইনি মদ বিক্রিতে তৃণমূলের পান্ডারা জড়িত, বেআইনি মদ বিক্রিতে পুলিশ পয়সা খাচ্ছে। প্রকাশ্য সভা মঞ্চ থেকে অকপটে স্বীকার করলেন পটাশপুর ১ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পীযূষ কান্তি পন্ডা। তিনি আরো বলেন, দলীয় কার্যালয় হলো মন্দির ওখানে বসে মদ খাবেন না। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে এলাকার তৃণমূল নেতাকর্মীদের এমনই নির্দেশ দিলেন এলাকার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি।

প্রসঙ্গত, বুধবার বিকেলে পটাশপুর ১ ব্লকের গোয়ালদা বুথে তৃণমূলের নতুন দলীয় কার্যালয়ে উদ্বোধন হয়। উদ্বোধন করেন বিধায়ক উত্তম বারিক। উদ্বোধন উপলক্ষ্যে একটি সভা হয়। এই সভা মঞ্চ থেকেই তিনি এমনই মন্তব্য করেন। সভামঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক উত্তম বারিক। খোদ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এমন মন্তব্য নিয়ে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে পটাশপুর জুড়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে।

