ঝালদা পুরসভার উপ নির্বাচনে প্রার্থী না দিয়ে তপন কান্দুকে শ্রদ্ধা বামেদের, তৃণমূলের মনোনয়ন পত্র জমা

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১ জুন: ঝালদার পুরসভা উপনির্বাচনে প্রার্থীর নাম আগেই ঘোষণা করেছে কংগ্রেস। নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুকে দাঁড় করাচ্ছে তারা। তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করে মনোনয়নপত্র জমা করাল। বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রার্থী দেবে না ফরওয়ার্ড ব্লক। বুধবার ঝালদার দলীয় পার্টি অফিসে বামফ্রন্টের বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানান ফরওয়ার্ড ব্লকের পুরুলিয়া জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তথা জয়পুরের প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্রনাথ মাহাতো।

ওই বৈঠকে সিপিএম নেতা হেমন্ত চ্যাটার্জি, সন্দীপ ব্যানার্জি সহ দলের স্থানীয় নেতৃত্বের একাংশের উপস্থিতিতে ফরওয়ার্ড ব্লকের ঝালদা লোকাল কমিটির সম্পাদক দেবরঞ্জন মাহাতো বলেন, “এক সময়ের সহযোদ্ধাকে সম্মান জানাতেই আমরা ওই আসনে কোনো প্রার্থী দিচ্ছি না। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু একসময় ফরওয়ার্ড ব্লকের সক্রিয় কর্মী ছিলেন। পরে বিজেপি এবং শেষে কংগ্রেসে যোগ দিয়ে প্রার্থী হন তপন। নির্বাচনের ফল বেরনোর কয়েকদিনের মাথায় খুন হওয়ায় ওই আসনটি ফাঁকা হয়ে যায়। তাই উপনির্বাচন।”

অন্যদিকে, ঝালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জগন্নাথ রজক মহকুমাশাসকের কার্যালয়ে তৃণমূলের হয়ে মনোনয়ন পত্র দাখিল করেন আজ। এই বিষয়ে ঝালদা শহর তৃণমুল কংগ্রেস সভাপতি দেবাশীষ সেন জানান, “আমরা এই উপনির্বাচনের আশা করেছিলাম না। যেহেতু নির্বাচন হচ্ছে ২৬ শে জুন তাই আমরাও প্রার্থী দিচ্ছি। কাল থেকে প্রচার শুরু ও জয় নিয়ে আশাবাদী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *