রাজেন রায়, কলকাতা, ২৭ নভেম্বর: এবারের পুরভোটে কংগ্রেস লড়বে ৮৩ টি আসনে। তার মধ্যে ৬৬ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। বাকি ১৭ টি আসনের প্রার্থীর নাম রবিবার ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। তবে চমক হল এই প্রার্থী তালিকায় নাম রয়েছে তৃণমূলের প্রার্থী তালিকাতে টিকিট না পাওয়া ২ জন কো-অর্ডিনেটরের।
৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কো-অর্ডিনেটর পার্থ মিত্র জোড়াফুলের থেকে টিকিট না পেয়ে কংগ্রেসে নাম লিখিয়েছেন। এবার কংগ্রেস তাঁকে প্রার্থী করেছে ৮ নম্বর ওয়ার্ডে। ১৩৮ নম্বর ওয়ার্ডেও তৃণমূল কো-অর্ডিনেটর মমতাজ বেগমকে প্রার্থী করেছে কংগ্রেস।
নিজেদের সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণার পর কংগ্রেসের জন্য ১৫-১৬ টি আসন ছেড়ে দিয়েছিল বামফ্রন্ট শিবির। কিন্তু তাতে মনক্ষুন্ন কংগ্রেস পরিষ্কার জানিয়েছিল, নিজেদের শক্তিতেই লড়বে তারা। যতগুলো আসনে পারবে ততগুলো আসনে প্রার্থী দেবে এককভাবেই। আর এবার পৃথকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করে সেটাই জানান দিল কংগ্রেস।

