আমাদের ভারত, ২২ সেপ্টেম্বর: প্রসাধনী সামগ্রী নিরামিষ না আমিষ উপাদানে তৈরি। তা এবার বিক্রেতা সংস্থাকে স্পষ্ট করেই জানাতে হবে। বাজার থেকে শ্যাম্পু, সাবান, কিংবা টুথপেস্ট কেনার সময় প্যাকেটের গায়ে থাকা একটি ছোট্ট চিহ্ন এবার জানিয়ে দেবে সে পণ্যটি নিরামিষ উপাদান দিয়ে তৈরি, নাকি তাতে রয়েছে প্রাণীজ উপাদান।
খাবারের প্যাকেটে এতদিন ধরে যে ধরনের চিহ্ন দেখে ক্রেতারা নিরামিষ ও আমিষের পার্থক্য বুঝতেন, এবার সেই ব্যবস্থা চালু হচ্ছে প্রসাধনী এবং দৈনন্দিন ব্যবহারের একাধিক পণ্যের ক্ষেত্রেও। কেন্দ্র সরকার লিগাল ম্যাটারোলজি রুলস ২০১১ সংশোধন এনেছে। যা প্যাকেটজাত পণ্যের ক্ষেত্রে লাগু হতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী সাবান, শ্যাম্পু, টুথপেস্ট সহ বিভিন্ন প্রসাধনী ও পরিচর্যা সামগ্রীর প্যাকেটের গায়ে সংশ্লিষ্ট পণ্যের উপাদান উৎস বোঝাতে নির্দিষ্ট চিহ্ন থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
সোমবার থেকেই এই সংশোধিত নিয়ম কার্যকর হয়েছে। নতুন নিয়মে নিরামিষ উৎসের উপাদান ব্যবহার করা হলে প্যাকেটের মূল প্রদর্শনীর অংশে সবুজ রং- এর বিন্দু থাকবে। অন্যদিকে প্রাণিজ উৎসের উপাদান থাকলে ব্যবহার করতে হবে লাল, অথবা বাদামি রঙের বিন্দু। প্যাকেটের সামনের উপরের দিকে চিহ্ন রাখার কথা বলা হয়েছে, যাতে দোকানের কেনাকাটার সময় ক্রেতার চোখে সহজেই তা পড়ে, অর্থাৎ এতদিন যে প্রশ্নের উত্তর জানতে অনেকেই প্যাকেটের উপাদানের তালিকা খুঁজতেন এবার সেই তথ্য মিলবে চোখের সামনেই।
সাবান থেকে টুথপেস্ট, শ্যাম্পু থেকে প্রসাধনী সহ দৈনন্দিন ব্যবহারে সামগ্রী কেনার সময় পছন্দের ভিত্তিতে পণ্য বেছে নেওয়া আরো সহজ হবে বলে দাবি করেছে সরকার।

