আমাদের ভারত, ৩ মে: বিধানসভা নির্বাচনের ভোট গণনার কয়েক ঘন্টা আগে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। নির্বাচনের ফলাফল ও গণনার তথ্য সংবাদ মাধ্যমের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বে জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিকরা এবার আর যুক্ত থাকতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে নির্দেশিকা জারি করে এই তথ্য জানানো হয়েছে।
ওই নির্দেশিকায় বলা হয়েছে, গণনার দিন এবং তার আগের দিন সংবাদমাধ্যমকে ব্রিফিং বা তথ্য প্রদানের কাজ থেকে এই আধিকারিকদের দূরে রাখা হবে। এমনকি গণনা কেন্দ্রের মিডিয়া সেন্টার গুলিতেও তাদের মোতায়েন করা যাবে না। সাধারণত সরকারি নিয়ম মেনে জেলা ও মহাকুমা তথ্য আধিকারিকরা সাংবাদিকদের কার্ড প্রদান থেকে শুরু করে প্রতি রাউন্ডের ফলাফল জানানোর সমন্বয় করে থাকেন, কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে তাদেরই প্রথাগত ভূমিকা থেকে সরিয়ে দেওয়া হল।
নির্দেশিকা অনুযায়ী ডি আই সি ও এবং এস ডি আই সি ও’দের গণনা কেন্দ্রের বদলে তাদের নিজেদের অফিসে থাকতে বলা হয়েছে। সেখান থেকে তারা কমিশন নির্ধারিত অন্যান্য তথ্য প্রচার করবেন এবং জেলা ও মহাকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত তথ্য আদান প্রদান করবেন।
তাহলে গণনা কেন্দ্রে সংবাদ মাধ্যমের সঙ্গে সমন্বয় কারা করবেন? কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি জেলা নির্বাচনী আধিকারিক ও জেলাশাসক এখন থেকে জেলা কালেক্টরেট থেকে একজন করে উচ্চপদস্থ ডব্লিউ বি সি এস অথবা গ্রুপ এ পদমর্যাদার সিনিয়র অফিসার’কে এই কাজের জন্য মনোনীত করতে হবে। তারাই মিডিয়া সেন্টারের যাবতীয় কর্মকাণ্ড তদারকি করবেন।
গণনার মাত্র কয়েক ঘন্টা আগে এই পরিবর্তন কেন? তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। কমিশনের পক্ষ থেকেই এই নির্দেশিকাকে অত্যন্ত জরুরি বা মোস্ট আর্জেন্ট বলে জানানো হয়েছে।বিশেষজ্ঞদের একাংশের মতে গণনা প্রক্রিয়ার তথ্যের স্বচ্ছতা বজায় রাখতে এবং কোনো প্রকার বিতর্ক এড়াতে এই অভিজ্ঞ প্রশাসনিক আধিকারিকদের হাতে এই বিশেষ দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

