Subrata Thakur, BJP, “মতুয়ারা বিজেপিকে ভোট দিয়েছে,” জয় নিয়ে ১০০ শতাংশ আশাবাদী সুব্রত ঠাকুর

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ মে: ভোটের ফল ঘোষণার আগেই জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার চার বিজেপি প্রার্থী। গাইঘাটার বিজেপি প্রার্থী তথা ঠাকুরবাড়ির বড় ছেলে সুব্রত ঠাকুর। অনদিকে বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়া, বনগাঁ দক্ষিণের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার ও বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুর।

সুব্রত ঠাকুরের দাবি করেন, মতুয়ারা বিজেপিকে ভোট দিয়েছে, মোদীজিকে ভোট দিয়েছে। বনগাঁ মহকুমার চারটি বিধানসভা বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা ও গাইঘাটার ভোটগণনা হবে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে। সেখানেই করা হয়েছে স্ট্রংরুম। রবিবার স্ট্রংরুম পরিদর্শনে যান গাইঘাটার বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর। কথা বলেন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে। এদিন সুব্রত ঠাকুর বলেন, “তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে প্ররোচনা দিয়েছেন। তৃণমূল সবসময় চাইবে গন্ডগোল করার জন্য। সেখানে আমাদের কর্মীরা যাতে প্ররোচনায় পা না দেয়, সাধারণ মানুষ যে ভোট দিয়েছে সেটা যাতে সঠিকভাবে গুনে নিতে পারি সেইটা দেখতে এলাম। দেখতে এলাম নির্বাচন কমিশন কেমন ব্যবস্থা করেছে।”

এসআইআর প্রক্রিয়ায় ভোট কাটা যাওয়ায় মতুয়াদের একাংশের মধ্যে বিজেপির উপর ক্ষোভ জন্মেছিল। তারা বিজেপির থেকে মুখ ফেরাতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছিল। রাজনৈতিক মহলে জোর চর্চা ছিল মতুয়ারা কাদের সমর্থন করবে? সেই প্রশ্নের উত্তরে সুব্রত ঠাকুর পরিষ্কার বলেন, “মতুয়াদের মধ্যে আশঙ্কা তৈরি করেছিল তৃণমূল। তারা বিভিন্নভাবে অপপ্রচার করেছিল। সেগুলো মানুষ ভুলে গিয়েছে। গাইঘাটায় প্রায় ৯৪ শতাংশ ভোট পড়েছে। মতুয়ারা বিজেপিকে ভোট দিয়েছে, পদ্মফুলে ভোট দিয়েছে।”

স্বপন মজুমদারের কথায়, “শুধু মতুয়ারা নয়, সাধারণ মানুষ থেকে মহিলারাও বিজেপিকে উজাড় করে ভোট দিয়েছে।” জয় নিয়ে আত্মবিশ্বাসী। অশোক ও সোমা বলেন, “আমার কোনও প্রতিদ্বন্দ্বী নেই। আমি ১০০ শতাংশ নিশ্চিত, জিতবই।”

গণনায় কারচুপি করতে পারে বিজেপি৷ তৃণমূলের তোলা এই অভিযোগ প্রসঙ্গে সুব্রত ঠাকুর বলেন, “তৃণমূল ক্ষমতায় থেকে পঞ্চায়েত ভোটে কী করেছে সকলে জানে। তারা ফলস ভোট দিত। চোরের মন পুলিশ পুলিশ। আজ ভুয়ো ভোটার নেই, মৃত ভোটার নেই। এতো ভোটার বাদ গিয়েছে তারা এমনিতেই চুপসে আছে। তারা বিকেল চারটের পরে যে ফলস ভোট দিত পশ্চিমবঙ্গ জুড়ে, সব বন্ধ।”

পাল্টা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, “সুব্রত ঠাকুর কি মতুয়াদের বাড়ি গিয়েছে? মতুয়াদের যন্ত্রণা দেখেছে? মতুয়ারা যদি সব ভুলে যেত তাহলে মোদীর সভায় সব থেকে বেশি মতুয়ারা আসত। ডঙ্কা বাজাত। মতুয়ারা কাদের ভোট দিয়েছে তা আগামীকাল জানা যাবে।” তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন। আগের থেকে বেশি ভোট নিয়ে ক্ষমতা আসছে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *