Police, Durgapur, ভোট পরবর্তী হিংসা রুখতে দুর্গাপুরে পাড়ায় পাড়ায় মাইকিং পুলিশের

আমাদের ভারত, ৩ মে, দুর্গাপুর: ভোট পরবর্তী হিংসা মোকাবিলায় দুর্গাপুরে বিশেষ পদক্ষেপ করতে হলো পুলিশকে। প্রশাসনের তরফে পাড়ায় পাড়ায় রবিবার সারাদিন মাইকিং করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে।

রাজ্যে শেষ কয়েকটি ভোটের পর হিংসার ঘটনা রাজ্যের বহু এলাকার মানুষ সন্ত্রস্ত হয়ে থেকেছে। এবার প্রথম থেকেই ভোটকে কেন্দ্র করে হিংসা মোকাবিলায় নির্বাচন কমিশনের তরফে একাধিক পদক্ষেপ করতে দেখা গেছে। এর ফলাফলও যথেষ্ট ইতিবাচক। অনেকেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট পরিচালনায় নির্বাচন কমিশনকে দশে দশ দিয়েছেন। দীর্ঘ কয়েক বছর পর রাজ্যবাসী মোটের উপর রক্তপাত বিহীন ভোট দেখেছে। এবার পালা ফলাফল প্রকাশের পর হিংসার মোকাবিলা করা।

ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসা মোকাবিলায় রাজ্যে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার কথা কমিশন ও সরকার উভয়ের তরফেই জানানো হয়েছে। এর মধ্যে শিল্প নগরী দুর্গাপুরে ভোট পরবর্তী হিংসা মোকাবিলায় বিশেষ পদক্ষেপ করতে দেখা গেল পুলিশকে।

রবিবার অর্থাৎ ভোট গণনার আগের দিন সারা শহরজুড়ে পাড়ায় পাড়ায় ঘুরে পুলিশের তরফে সারাদিন মাইকিং করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে আদর্শ আচরণ বিধি লাগু রয়েছে, ফলে কেউ যেন কোনো অশান্তিতে না জড়ান। কোনো প্ররোচনায় পা না দেন। ভোট পরবর্তী হিংসায় জড়িত প্রমাণিত হলে সেই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। ইতিমধ্যেই কমিশনের তরফে এই কথা ঘোষণা করা হয়েছিল, এবার সেই একই কথা পুলিশের তরফেও একেবারে পাড়ায় ঘুরে ঘুরে সতর্ক করে দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *