কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ মার্চ: এবারের নির্বাচনে তৃণমূল ক্ষমতায় এলে স্থানীয় স্তরে বেশকিছু উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঘাটাল মহাকুমার বেলেঘাটা এবং চন্দ্রকোনাতে তৃণমূল প্রার্থীর সমর্থনে মুখ্যমন্ত্রী জনসভা করেন। এদিন তিনি হেলিকপ্টার থেকে হুইল চেয়ারে বসে সভামঞ্চে আসেন।

ঘাটাল মহকুমার বহু যুবক বাইরের রাজ্যে সোনার কাজ করেন। তাদের আর বাইরে যেতে হবে না, কারণ তৃণমূল ক্ষমতায় এলে দাসপুরের সোনার ক্লাস্টার করা হবে।
ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত না হওয়ার জন্য তিনি কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করেন। ঘাটাল মাস্টারপ্ল্যানের ছাড়পত্র কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। এই প্রকল্পের ছাড়পত্র যদি কেন্দ্রীয় সরকার দেয়, তাহলে রাজ্য সরকার মাস্টারপ্ল্যান করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। ঝুমি নদীতে ব্রিজ তৈরি হওয়ার কথা বলেন তিনি। বিজেপি টাকা ছড়িয়ে বাইরে থেকে গুন্ডা নিয়ে ভোট করবে বলে তিনি সতর্ক করে দেন। এমনকি কোনও খাবার না খাওয়ার কথাও মুখ্যমন্ত্রী বলেন। কারণ তিনি মনে করেন ওই বিরিয়ানিতে ড্রাগ থাকতে পারে।

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ, সিপিএম কংগ্রেস এবং বিজেপির কাছ থেকে টাকা নিয়ে সংখ্যালঘুদের ভোট কাটবে বলে বলেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল ক্ষমতায় এলে কৃষকদের ভাতা বাড়িয়ে ১০ হাজার টাকা করা হবে। ছাত্র-ছাত্রীদের যাতে বাবা মায়ের কাছে হাত না পাততে হয় সেজন্য তাদের অ্যাকাউন্টে ১০ লাখ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি তিনি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পরিষেবাগুলির কথা উল্লেখ করেন।
বিজেপি যদি বাইরের ভাড়া করা লোক নিয়ে বিশৃঙ্খলা করতে আসে তাহলে মহিলাদের ঝাঁটা, খুন্তি, ঝাড়ু নিয়ে প্রতিরোধ করতে বলেন। কাঁথির অধিকারী পরিবারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, তিনি এই মাসের ২৮ তারিখ থেকে মেদিনীপুরে থাকবেন এবং সবকিছু লক্ষ্য রাখবেন। মীরজাফরের দল কিছু সুবিধা করতে পারবে না বলে তিনি জানান। তিনি বলেন, তৃণমূল সরকার ক্ষমতায় এলে রেশন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। বছরে দুবার দুয়ারে সরকার মানুষের পরিষেবা দেবে।
বিজেপি সরকার দেশকে বিক্রি করে দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। লাভজনক সংস্থাকে বিক্রি করে সেই টাকা বিজেপি নেতারা লুট করছেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির কথা বলে বিজেপিকে কাঠগড়ায় তোলেন তিনি।
শেষমেষ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ফুটিয়ে খালি করে দেওয়ার জন্য জনতার কাছে আবেদন করেন।

