টিটাগড় গুলি কাণ্ডে দোষীদের গ্রেফতারের দাবিতে সাংসদ অর্জুন সিংয়ের নেতৃত্বে স্মারকলিপি থানায়

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৬ মার্চ: উত্তর ২৪ পরগনার টিটাগড়ে গুলি কাণ্ডে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে টিটাগড় থানায় স্মারকলিপি জমা দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। আজ তিনি ব্যারাকপুরের বিজেপি প্রার্থী ডা. চন্দ্রমনি শুক্লাকে সঙ্গে নিয়ে স্মারকলিপি দেন।

বুধবার রাতে নিজের দর্জির দোকানে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হন মণীশ শুক্লা ঘনিষ্ঠ বিজেপি সমর্থক ওয়াই মধুবাবু রাও। তাঁর পেটে গুলি লেগেছিল। তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হচ্ছে। এই ঘটনার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও টিটাগড় থানার পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অবিলম্বে এফআইআর এ নাম থাকা দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে, দাবি করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।

তিনি বলেন, “এর আগে থানার সামনে মণীশ শুক্লাকে খুন করা হয়। এবার ওয়াই মধুবাবু রাও’কে খুনের চেষ্টা হল। আমি ইতিমধ্যে বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছি। যে দুই জন অভিযুক্ত বিদায়ী পৌর প্রধানের নামে মণীশ শুক্লাকে হত্যায় অভিযোগ আছে, সেই দুজনকেও গ্রেপ্তার করা হয়নি। ওয়াই মধুবাবু রাওকে যারা খুনের চেষ্টা করেছে তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, তৃণমূল নেতাদের সঙ্গে তাদের ছবি আছে। আমার প্রশ্ন ওই দুষ্কৃতীদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? সেই কারনেই আজ আমরা টিটাগড় থানায় এসে স্মারকলিপি জমা দিয়েছি। অর্জুন সিং গুলিবিদ্ধ মধুবাবুর পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *