রাজেন রায়, কলকাতা, ১১ সেপ্টেম্বর: ৩০ সেপ্টেম্বর হতে চলেছে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন। যেখানে তৃণমূলের তরফে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে শুক্রবার নিজের মনোনয়ন পত্র নির্বাচনী আধিকারিকদের কাছে জমা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। একই সঙ্গে নিয়ম অনুযায়ী তিনি হলফনামায় জমা দিয়েছেন নিজের সম্পত্তির আয়-ব্যায়ের হিসেব এবং ব্যক্তিগত হলফনামা হিসাব অনুযায়ী তৃণমূল নেত্রীর গত পাঁচ বছরে তার আর্থিক সম্পত্তির পরিমাণ বেড়েছে ৬ লক্ষ টাকারও বেশি।
উল্লেখ্য, ২০১৬-১৭ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সম্পত্তির পরিমাণ ছিল ৯ লক্ষ ১৮ হাজার ৩০০ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় ১০ লক্ষ ৩৪ হাজার ৩৭০ টাকা। সেখানে ২০২০-২১ সালে তাঁর আর্থিক সম্পত্তির পরিমাণ দাড়িয়েছে ১৫ লক্ষ ৪৭ হাজার ৮৪৫ টাকা। বর্তমানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্কে টাকা রয়েছে ১৩ লক্ষ ১১ হাজার ৫৯২ টাকা ১৭ পয়সা।
এছাড়াও তিনি জানিয়েছেন, তার অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১৫ লক্ষ ৩৮ হাজার ২৯ টাকা। তার অলঙ্কারের পরিমাণ ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রাম। যার আনুমানিক মূল্য ৪৩ হাজার ৮৬৭ টাকা।
হলফনামায় তিনি জানিয়েছেন, তার নিজের নামে কোনও বাড়ি নেই এবং ব্যাক্তিগত গাড়ি নেই বলে নির্বাচন কমিশনকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন কি অন্য সম্পত্তি যেমন চাষের জমি বা বাণিজ্যিক কাজে ব্যবহার করা কোনো জমিও নেই ভার। এমন কি পৈতৃক সূত্রে তিনি কোনও সম্পত্তি পাননি। এছাড়া তার কাধে কোনো ব্যাঙ্কের ঋণের বোঝাও নেই বলে জানিয়েছেন মমতা।
এই হলফনামা অনুযায়ী তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আয় ব্যয়ের হিসাব স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে যেটা তৃণমূল নেত্রীর সাধারণ জীবনযাপনের চিত্র তুলে ধরে, বলে মনে করছে রাজনীতিক মহল।

